নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপের প্রথম দিনেই মাঠে নামবে মোহন বাগান। আগামী ২৫ অক্টোবর গোয়ায় সুপার কাপের উদ্বোধন। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে প্রাথমিক সূচি ও ফরম্যাট পাঠিয়ে রেখেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। বৃহস্পতিবার লটারির মাধ্যমে নির্ধারিত হবে গ্রুপ। গত মরশুমে আইএসএলের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগান। একইসঙ্গে সুপার কাপের খেতাব জিতেছে এফসি গোয়া। এই দুই দল ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষবাছাই। গ্রুপ পর্বে প্রতিদিন দু’টি করে ম্যাচ আয়োজন করার ভাবনায় ফেডারেশন।
লটারির আগে আইএসএলের দলগুলোকে পট ওয়ানে রাখা হয়েছে। সূত্রের খবর, দল নামাতে অপারগ ওড়িশা এফসি। তাদের ছাড়াই আয়োজিত হবে টুর্নামেন্ট। পট টু’তে রয়েছে আই লিগের চারটি দল। লিগ বিজয়ী ইন্টার কাশী ছাড়াও রিয়াল কাশ্মীর, গোকুলাম কেরল ও রাজস্থান ইউনাইটেড সুপার কাপে অংশ নেবে। সবমিলিয়ে সুপার কাপের সফল আয়োজন করতে বদ্ধপরিকর সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু অন্য সমস্যাও রয়েছে। ফেডারেশনের কমার্শিয়াল পার্টনার নিশ্চিত নয়। নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখার জন্য রয়েছ বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি দেশের শীর্ষ লিগ যাতে ফেডারেশনের হাতেই থাকে তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত। অভিজ্ঞ মহলের ধারণা, এতে বেঁকে বসতে পারে এফএসডিএল। এমনকী ভারতীয় ফুটবল সম্পর্কে তারা উৎসাহ হারালেও অবাক হওয়ার কিছু নেই। তারা যদি টেন্ডারে অংশ না নেয় তবে বিড়ম্বনা বাড়বে। এমনকী, বেশ কয়েকটি আইএসএল ফ্র্যাঞ্চাইজি বন্ধ হওয়ার সম্ভাবনাও প্রবল। সেক্ষেত্রে সুপার কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।