Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাল সুপার কাপের উদ্বোধন, গোয়া পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন দিমিত্রিরা

সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়ায় পৌঁছে গেল মোহন বাগান। এদিন সকালের বিমানে শহর ছাড়েন ম্যাকলারেন-শুভাশিসরা

কাল সুপার কাপের উদ্বোধন, গোয়া পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন দিমিত্রিরা
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়ায় পৌঁছে গেল মোহন বাগান। এদিন সকালের বিমানে শহর ছাড়েন ম্যাকলারেন-শুভাশিসরা। দুপুরে গোয়ায় পৌঁছে বিশ্রামের পর টিম হোটেলের লনেই দলকে হাল্কা ট্রেনিং করান কোচ মোলিনা। শুক্রবার স্থানীয় মাঠেই চেন্নাইয়ান ম্যাচের মহড়া সারবে সবুজ-মেরুন ব্রিগেড। উল্লেখ্য, গতবার আইএসএলের শেষে আয়োজিত হয় সুপার কাপ। ফলে সেভাবে খুব একটা গুরুত্ব দেয়নি বাগান টিম ম্যানেজমেন্ট। টুর্নামেন্ট শুরুর আগেই ছুটিতে বেশিরভাগ ফুটবলার ফিরে গিয়েছিলেন।  এবার সুপার কাপ জয়ের লক্ষ্য নিয়েই গোয়ায় পা রেখেছেন হোসে মোলিনা।

Advertisement

চলতি মরশুমের শুরুটা মোটেই সুখের হয়নি মোহন বাগানের। ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ডার্বি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন জেসন কামিংসরা। ফুটবলারদের ফিটনেস নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। এরপর এসিএল-টু’র অ্যাওয়ে ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে গঙ্গাপাড়ের ক্লাবটি। আর তাতেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় ফুটবলারদের। তবে আইএফএ শিল্ড জয়ের পরে তা অনেকটাই প্রশমিত। ফুটবলারদের মধ্যেও গুমোট ভাব উধাও। অনেক বেশি ফুরফুরে মেজাজেই গোয়ায় পাড়ি দেন দিমিত্রি-ম্যাকলারেনরা। আপাতত তাঁদের লক্ষ্য, শিল্ড জয়ের রেশ ধরে রেখে সুপার কাপেও ভালো ফল করা।
আগামী শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। এরপর ডেম্পোর মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডার্বি। এই ম্যাচের ফলের উপরই অনেকটাই নির্ভর করতে শেষ চারের ভাগ্য। তবে এখনই ডার্বির কথা না ভেবে চেন্নাইয়ান ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য কোচ হোসে মোলিনার। আসন্ন সুপার কাপে প্রথম একাদশে ছয় বিদেশি খেলানোর সুযোগ থাকছে। তবে এখনও ফিটনেসের দিক থেকে সেরা ছন্দে নেই দিমিত্রি, রবসনরা। প্রয়োজনে দ্বিতীয়ার্ধে তাঁদের ব্যবহার করা হতে পারে। শুক্রবার অনুশীলনের পরই দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগানের স্প্যানিশ কোচ। সবমিfলিয়ে বেশ আত্মবিশ্বাসী মোলিনা ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ