নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের ধাঁচেই এবার সুপার কাপ আয়োজন করতে চায় ফেডারেশন। কলকাতা, শিলং সহ একাধিক ভেন্যুতে ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ম্যাচ হয়েছে। একাধিক শহরে সুপার কাপ হওয়ার সম্ভাবনাও প্রবল। প্রাথমিকভাবে ফেডারেশনের তালিকায় রয়েছে শিলং, গুয়াহাটি ও গোয়ার নাম। আসলে গত দুই মরশুম সুপার কাপের খেলা হয়েছে ভুবনেশ্বরে। কিন্তু এবার সেভাবে উৎসাহী নয় ওড়িশা। পরিস্থিতি বুঝেই বিকল্পের সন্ধানে নামল সর্বভারতীয় ফুটবল সংস্থা। এর আগে আইএসএলের ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে সুপার কাপের আমন্ত্রণ পাঠায় এআইএফএফ। সম্মতি জানাবার শেষ তারিখ ছিল ১১ সেপ্টেম্বর। সূত্রের খবর, কলকাতার তিন প্রধান সহ প্রায় সবক’টি দলই সুপার কাপ খেলতে রাজি।



