লন্ডন: এক সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক সুনীল গাভাসকর। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৭৭৪ রান করেছিলেন কিংবদন্তি। সেই রেকর্ড ভাঙার হাতছানি ছিল শুভমান গিলের কাছে। কিন্তু অল্পের জন্য পারেননি। ২০ রান পিছনে থেকে গিয়েছেন। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে ৭৫৪ রানে থেমেছেন তরুণ তুর্কি। তা সত্ত্বেও ভারত অধিনায়ককে বিশেষ উপহার দিলেন সানি। শনিবার তৃতীয় দিনের শেষে গিলের হাতে বিশেষ টুপি ও জার্সি তুলে দিয়ে প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য, ‘তুমি আমার রেকর্ড ভাঙবে ধরে নিয়েই উপহার এনেছিলাম। একটুর জন্য পারলে না। পরের সিরিজে নিশ্চয় পারবে। তবুও এই ছোট্ট উপহার তোমার হাতে তুলে দিতে চাই।’ গাভাসকরের সংযোজন, ‘এই টুপি আমি বেশি লোককে দিই না। এতে আমার সই রয়েছে। আর এসজি লেখা জার্সিটা আমায় একজন দিয়েছিল। ওটাও খুব স্পেশাল। জানি না, তোমার গায়ে ফিট হবে কিনা। রবিবার একটা লাকি জ্যাকেট পরে আসব। অস্ট্রেলিয়ার গাব্বাতে শেষ দিন পরেছিলাম। রবিবারও তোমাদের জয়ের কামনায় সেটা পরব।’



