Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দক্ষিণ আফ্রিকার কোচকে বিঁধলেন সানি গাভাসকর

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডকে একহাত নিলেন সুনীল গাভাসকর

দক্ষিণ আফ্রিকার কোচকে বিঁধলেন সানি গাভাসকর
  • ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

রাঁচি: দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডকে একহাত নিলেন সুনীল গাভাসকর। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলকে হামাগুড়ি দেওয়ানোর কথা বলেছিলেন অ্যাওয়ে কোচ। কনরাডের বলা সেই ‘গ্রোভেল’ শব্দটি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। ধোনির শহরে ভারত একদিনের সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পর সেই প্রসঙ্গেই সরব সানি। তিনি বলেছেন, ‘ওই শব্দটা ব্যবহার করা উচিত হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের নেপথ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় ভূমিকা ছিল। ২০ বছর আইসোলেশনে থাকার পর ভারতীয় বোর্ডই প্রোটিয়াদের মূল স্রোতে ফেরানোর প্রস্তাব দিয়েছিল। আর প্রত্যাবর্তনের পর ওরা প্রথম ম্যাচটাই খেলেছিল ভারতের মাটিতে।’

Advertisement

গাভাসকর আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচটিই ভারতীয় মালিকানাধীন। এতে ওদেশের ক্রিকেটারদের এগিয়ে চলার পথ সুগম হচ্ছে। ভালো কেরিয়ার গড়তে পারছে ঘরোয়া ক্রিকেটাররাও।’ কিংবদন্তি ওপেনার অবশ্য ওই মন্তব্যের জন্য কনরাডকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছেন না। তাঁর মতে, ‘এই দু’দেশের বোর্ড দশকের পর দশক ধরে সুসম্পর্ক বজায় রেখেছে। আবার মাঠে দুই দলের মধ্যে লড়াকু ও হাড্ডাহাড্ডি ক্রিকেটও দেখা গিয়েছে। কিন্তু কখনও তা এমন শত্রুতাপূর্ণ পর্যায়ে পৌঁছয়নি। আমি প্রায় সবগুলো ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের সাক্ষী থেকেছি। সেখানে কঠিন লড়াই হলেও তার বাইরে কিছু হয়নি। কনরাডের মন্তব্যটা তাই অনভিপ্রেত। ভুল সময়ে, ভুল জায়গায় কথাটা বলা হয়েছে। আশা করব, পরের প্রেস মিটে কনরাড এবিষয়ে কথা বলবে। ক্ষমা চাইতে বলছি না। তবে বিষয়টা হাল্কা করে নেওয়াই যায়। ও যে উত্তেজনার বশে এমন বেফাঁস মন্তব্য করে ফেলেছে, সেটা তো বোঝাই যাচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ