Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুন্দরের ঝোড়ো ব্যাটিং, রুটদের ৩৭৪ রানের টার্গেট দিল ভারত, যশস্বীর শতরানে চাপে ইংল্যান্ড

টেস্ট সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বদ্ধপরিকর দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরানের সুবাদে লিড এখন ৩৪১

সুন্দরের ঝোড়ো ব্যাটিং, রুটদের ৩৭৪ রানের টার্গেট দিল ভারত, যশস্বীর শতরানে চাপে ইংল্যান্ড
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: টেস্ট সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বদ্ধপরিকর দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরানের সুবাদে লিড এখন ৩৪১। ওভালের ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনও দল ২৭৫ রানের চেয়ে বেশি তাড়া করেনি। ফলে জো রুটদের এই টেস্ট জিততে গেলে নজির গড়তে হবে। চেতেশ্বর পূজারার মতো কেউ কেউ অবশ্য মনে করছেন, আড়াইশো রানই অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ১-২ পিছিয়ে থাকা ভারতের জেতার পক্ষে যথেষ্ট। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৯৬। অর্থাৎ জো রুট-ওলি পোপদের সামনে ৩৭৪ রানের কঠিন টার্গেট। 

Advertisement

শনিবার সকালের সেশনে ৫২ রানের লিড নিয়ে শুরু করেছিল টিম ইন্ডিয়া। মূলত আকাশদীপের দাপটে দু’ঘণ্টায় ওঠে ১১৪। নৈশপ্রহরী হিসেবে নেমে টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরানের স্বাদ পেলেন তিনি। শেষ পর্যন্ত ৬৬ রানে থামেন আকাশ। যেভাবে খেলছিলেন, আরও বড় রান পেতেই পারতেন। তৃতীয় উইকেটে যশস্বী ও আকাশ যোগ করেন ১০৭, যা ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়। লাঞ্চের ঠিক আগে ফেরেন বাংলা দলের হয়ে খেলা এই পেসার। এরপর দ্বিতীয় সেশনের প্রথম বলেই আউট ক্যাপ্টেন শুভমান গিল। এলবিডব্লু হন তিনি। সুনীল গাভাসকরের ৭৭৪ রানের রেকর্ড ভাঙতে পারলেন না তিনি। গিল থামলেন ৭৫৪ রানে। ভারতীয়দের মধ্যে কোনও টেস্ট সিরিজে সর্বাধিক রানের তালিকায় গাভাসকর (৭৭৪) ও গিলের (৭৫৪) পর রয়েছেন যশস্বী জয়সওয়াল (৭১২) ও বিরাট কোহলি (৬৯২)। ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় হিসেবে অবশ্য টেস্টে সাতশো রান পূর্ণ করলেন গিল। কোনও ক্যাপ্টেনের অভিষেক টেস্ট সিরিজে সর্বাধিক রানের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে। ডন ব্র্যাডম্যানের (৮১০) পরই গিল। তাঁর পিছনে রয়েছেন গ্রাহাম গুচ (৭৫২) ও সুনীল গাভাসকর (৭৩২)।
এদিন অধিনায়ক হতাশ করলেও যশস্বী একটা দিক ধরে রাখলেন। এটা ঘটনা যে, শুক্রবার ২০ ও ৪০ রানের মাথায় জীবন পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও ফোকাস হারাননি। রীতিমতো দায়িত্বশীল ইনিংস উপহার দিলেন। ৫০তম ওভারের দ্বিতীয় বলে গাস অ্যাটকিনসনের ডেলিভারিতে সিঙ্গলস নিয়ে মাইলস্টোনে পৌঁছলেন ২৩ বছর বয়সি ওপেনার। সঙ্গে সঙ্গে ব্যাট-প্যাড ঘাসে রেখে সেলিব্রেশনে মাতলেন তিনি। পরিবারের উপস্থিতিতে এল এই সেঞ্চুরি। সেজন্যই হয়তো বাড়তি উচ্ছ্বাস দেখা গেল।  
তবে ফের ব্যর্থ হয়ে করুণ নায়ারের টেস্ট কেরিয়ারই প্রশ্নের মুখে পড়ল। এই সিরিজে ২৫.৬২ গড়ে তাঁর সংগ্রহ ২০৮। সর্বাধিক ৫৭। রবীন্দ্র জাদেজা অবশ্য সিরিজের অষ্টম অর্ধশতরান পূর্ণ করলেন। গুরুত্বপূর্ণ রান পেলেন ধ্রুব জুরেলও। আর শেষবেলায় ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন সুন্দর। অবশ্য খান ছয়েক ক্যাচ ফেলে ভারতের কাজ সহজ করে দিল ইংল্যান্ড। দিশাহারা ক্যাপ্টেন ওলি পোপকে দেখা গেল বার বার ড্রেসিং-রুমে পরামর্শ নিতে ছুটতে।
লক্ষ্যণীয়, চলতি সিরিজে মোট ১২টি শতরান করেছেন ভারতীয়রা, যা অতীতে কখনও ঘটেনি। অষ্টমবার এই সিরিজে তিনশো প্লাস স্কোরও উঠল। সফরকারী কোনও দলের এমন কীর্তি একবারই রয়েছে। ১৯১০-১১ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কৃতিত্ব দেখিয়েছিল অস্ট্রেলিয়া। তার পর ভারতই দ্বিতীয় দল। সার্বিকভাবে এই সিরিজে এখনও পর্যন্ত মোট ১৩ বার তিনশোর উপর স্কোর হল। ইংল্যান্ডকে সিরিজ জিততে হলে সংখ্যাটা কিন্তু বাড়বে!
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ২২৪। ইংল্যান্ড প্রথম ইনিংস ২৪৭। ভারত দ্বিতীয় ইনিংস (৭৫-২ এর পর)- যশস্বী ক ওভারটন বো টং ১১৮, আকাশ ক অ্যাটকিনসন বো ওভারটন ৬৬, গিল এলবিডব্লু বো অ্যাটকিনসন ১১, করুণ ক স্মিথ বো অ্যাটকিনসন ১৭, জাদেজা ক ব্রুক বো টং ৫৩, জুরেল এলবিডব্লু বো ওভারটন ৩৪, সুন্দর র ক্রলি বো টং ৫৩, সিরাজ এলবিডব্লু বো টং ০, প্রসিদ্ধ অপরাজিত ০, অতিরিক্ত ২৬, মোট (৮৮ ওভারে) ৩৯৬। উইকেট পতন: ৩-১৭৭, ৪-১৮৯, ৫-২২৯, ৬-২৭৩, ৭-৩২৩, ৮-৩৫৭, ৯-৩৫৭, ১০-৩৯৬। বোলিং: অ্যাটকিনসন ২৭-৩-১২৭-৩, টং ৩০-৪-১২৫-৫, ওভারটন ২২-২-৯৮-২, বেথেল ৪-০-১৩-০, রুট ৫-১-১৫-০।
 (স্কোর অসম্পূর্ণ)

Advertisement
সম্পর্কিত সংবাদ