ভিওয়ানি: দুই অধ্যাপক সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষে আত্মঘাতী হয়েছিলেন এক ছাত্রী। গ্রেটার নয়ডার সেই ঘটনায় পড়ুয়ার পরিবার ও সহপাঠীদের মধ্যে তুমুল ক্ষোভ ছড়িয়েছে। এরমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মৃতার কাকা। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও অধ্যাপকদের কোনও যোগ্যতাই নেই। তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করা উচিত। এখানে কোনও নিরাপত্তা নেই। আমাদের মেয়ের মৃত্যুর জন্য ম্যানেজমেন্টই দায়ী। দু’-তিন বছর ধরে ওর উপর অত্যাচার চলছিল। সেকারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মৃতার কাকার দাবি, ৬-৭ জন অভিযুক্তের মধ্যে মাত্র দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিস আশ্বাস দিয়েছে, এসপ্তাহের মধ্যে বাকিদেরও গ্রেপ্তার করা হবে। গত শুক্রবার আত্মঘাতী হন সারদা বিশ্ববিদ্যালয়ের বিডিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী জ্যোতি শর্মা। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সুইসাইড নোটে দুই অধ্যাপককে কাঠগড়ায় তুলেছিলেন জ্যোতি। সেই প্রসঙ্গ টেনে কর্তৃপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন জ্যোতির ভাই দেবেন্দর। তিনি বলেন, এফআইআর দায়েরের পর সুইসাইড নোটে উল্লেখ থাকা কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস। কিন্তু, বাকিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, জ্যোতির বাড়ি গুরুগ্রামে। সেখানকার স্থানীয় গ্রামপ্রধান চরণ সিং জানিয়েছেন, সম্প্রতি অধ্যাপকদের সঙ্গে দেখা করেছিলেন মৃতার বাবা-মা।



