নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বন্ধ চা নিলাম। টেকনিক্যাল সমস্যার কারণে আপাতত ওই নিলাম বন্ধ রাখা হয়েছে বলে নর্থ বেঙ্গল টি অকশন কমিটি সূত্রে খবর। ১১ বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন জলপাইগুড়িতে চা নিলাম চালু হয়। এক মাস পার না হতেই ফের নিলাম বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে চা শিল্প মহলে।
গত সোমবার নিলাম হয়নি। আগামী সোমবারও নিলাম হবে না বলে জানানো হয়েছে নর্থ বেঙ্গল টি অকশন কমিটির তরফে। ওই কমিটির সম্পাদক প্রতাপ রাউত বলেন, ‘আমাদের বিলিং সিস্টেম নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। এর জেরে ক্রেতারা নিলামে অংশ নিতে চাইছেন না। বিষয়টি নিয়ে আমরা টি বোর্ডকে চিঠি দিয়েছি। তাদের কাছ থেকে এখনও কোনও উত্তর পাইনি। সেকারণে আপাতত জলপাইগুড়ি চা নিলাম বন্ধ রাখা হয়েছে। তবে টেকনিক্যাল সমস্যা কাটিয়ে শীঘ্রই ফের জলপাইগুড়িতে চা নিলাম চালু করা সম্ভব বলে আশাবাদী আমরা।’