রোগিণীর অঙ্গপ্রত্যঙ্গের বিরল বিন্যাসের সফল অস্ত্রোপচার
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বুকের ভিতরে হৃদযন্ত্র রয়েছে ডানে। পেটের ভিতরে যকৃৎ, পিত্তথলি-সহ একাধিক অঙ্গও রয়েছে স্বাভাবিক অবস্থানের বিপরীতে। শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের এই বিরল বিন্যাসের এক রোগিণীর পিত্তথলির পাথর অস্ত্রোপচারে সাফল্য পেলেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এই অস্ত্রোপচার ছিল চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জের। চিকিৎসাবিজ্ঞানে এই বিরল জন্মগত অবস্থার নাম ‘সাইটাস ইনভার্সাস টোটালিস’।

Advertisement

৪৫ বছর বয়সি রায়নার মাধবডিহির ওই মহিলা তিন মাস ধরে পেটের উপরিভাগে ব্যথা ও বদহজমের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বর্ধমান মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের ইউনিট-১বি-র বহির্বিভাগে আসেন। আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষায় তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়ে। কিন্তু পরীক্ষার সময়ই সামনে আসে এক বিরল শারীরিক বৈশিষ্ট্য। দেখা যায়, সাধারণত শরীরের ডান দিকে থাকা যকৃৎ ও পিত্তথলি রয়েছে বাঁয়ে। পরবর্তী পরীক্ষায় পেটের অন্য অভ্যন্তরীণ অঙ্গগুলির অবস্থানও স্বাভাবিক বিন্যাসের বিপরীতে বলে জানা যায়।
বুকের এক্স-রে ও ইকোকার্ডিয়োগ্রাফি পরীক্ষায় দেখা গিয়েছে, হৃদযন্ত্রও বুকের ডান দিকে অবস্থিত। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকে বলা হয় ‘ডেক্সট্রোকার্ডিয়া’। অর্থাৎ, হৃদ্‌যন্ত্র থেকে পেটের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুর অবস্থানই স্বাভাবিক বিন্যাসের বিপরীত। চিকিৎসকরা জানান, এই বিরল জন্মগত অবস্থার নাম সাইটাস ইনভার্সাস টোটালিস।
চিকিৎসক অধ্যাপক (ডাঃ) অমিত রায়ের নেতৃত্বে রোগিণীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। অস্ত্রোপচারকারী দলে ছিলেন ডাঃ অর্চিতা রায়, সুমন্ত দত্ত, সুমন ঘোষ, রূপম দত্ত ও অভীক বসু। অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ তীর্থাশিস মণ্ডল ও তাঁর দল। অধ্যাপক (ডাঃ) অমিত রায় জানান, সাইটাস ইনভার্সাস টোটালিস অত্যন্ত বিরল এক জন্মগত শারীরিক বৈশিষ্ট্য। প্রতি ১০ হাজার থেকে ৩৫ হাজার মানুষের মধ্যে এক জনের ক্ষেত্রে এমন অঙ্গবিন্যাস দেখা যায়। এই ধরনের রোগীর ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থানের সম্পূর্ণ বিপরীতে থাকায় অস্ত্রোপচারের সময় যন্ত্রের ব্যবহার, হাতের সঞ্চালন এবং শল্যচিকিৎসকের অবস্থান নির্ধারণে বিশেষ দক্ষতা লাগে।সফল অস্ত্রোপচারের পর বর্তমানে রোগিণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুস্থ হয়ে তিনি ছাড়া পাওয়ার জন্য প্রস্তুত।