সংবাদদাতা, ঝালদা: বিধায়কের হাত ধরে ঘটা করে উদ্বোধন হয়েছিল আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের। উদ্বোধনের পর এক মাস পেরিয়ে গেলেও এখনো চালু হল না স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা। নতুন ভবনের দরজায় ঝুলছে তালা। ফলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বাঘমুণ্ডি ব্লকের প্রত্যন্ত সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের তোড়াং ও পাশের গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তোড়াং গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনটি প্রায় এক বছর আগে তৈরি হয়েছে। কিন্তু, দীর্ঘদিন ধরে সেখানে পরিষেবা চালু হয়নি। প্রায় এক মাস আগে বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাত কেন্দ্রটির উদ্বোধন করেন। নতুন ভবনে স্বাস্থ্য পরিষেবা চালু হলে তোড়াং, নিশ্চিন্তপুর, বারিডি, খিরাবেড়া, ডাভা সহ আশপাশের একাধিক গ্রামের মানুষ উপকৃত হবে বলে আশা করেছিল। বাসিন্দারা মনে করেছিলেন, বিশেষ করে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরীক্ষা কিংবা অন্যান্য পরিষেবার জন্য তাঁদের আর দূরে যেতে হবে না। কিন্তু, উদ্বোধনের পরেও নতুন ভবনে পরিষেবা শুরু না হওয়ায় তাঁরা হতাশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসার প্রাথমিক প্রয়োজনে এখনো তাঁদের অন্যত্র যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দু’টোই খরচ হচ্ছে। তাঁদের কথায়, বিধায়কের হাত ধরে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন হওয়ায় আমরা যথেষ্ট আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম, এবার থেকে গ্রামের কাছেই স্বাস্থ্য পরিষেবা পাব। কিন্তু, উদ্বোধনের পরেও কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। পরিষেবা না পেয়ে আমাদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রে একজন সিএইচও(কমিউনিটি হেলথ অফিসার) এবং দু’জন এনএম থাকার কথা। কিন্তু, বর্তমানে সেখানে রয়েছেন মাত্র একজন এনএম। পাশাপাশি তিনজন আশাকর্মী রয়েছেন। কেন্দ্রের এনএম সমাপ্তি দত্ত ও আশাকর্মী অঞ্জলি কুমার বলেন, নতুন ভবনে পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় সেখানে পরিষেবা চালু করা সম্ভব হয়নি। বিএমওএইচ অফিস থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে এখনো তা নিয়ে যাওয়া হয়নি। বর্তমানে কেন্দ্রটি চড়িদায় চলছে। সেখানেই স্বাস্থ্য শিবির করা হচ্ছে। তাঁদের আরও বক্তব্য, উদ্বোধনের দিন ভাড়া করে চেয়ার-টেবিল এনে কেন্দ্রটি চালু করা হয়েছিল। সেদিন ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল।
এনিয়ে বিধায়ককে ফোন করা হলে প্রথমবার তিনি কল রিসিভ করেননি। পরের বার কল কেটে দেন। বাঘমুণ্ডির বিএমওএইচ সুকুমার সোরেন বলেন, নতুন ভবনেই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার নির্দেশ দিয়েছি। প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র নিয়ে যাওয়ার কথাও কর্মীদের বলা হয়েছে। তারপরেও কেন সেখানে পরিষেবা চালু হয়নি, তা আমি বলতে পারব না।



