এইচআইভি ‘সুরক্ষিত’ বীরভূম, ১ ডিসেম্বর দিল্লিতে সংবর্ধনা
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এইচআইভি তথা এইডস নিয়ন্ত্রণে মাইলফলক ছুঁয়ে কেন্দ্রীয় সরকারের তরফে ‘সুরক্ষিত’ জেলার তকমা পেল বীরভূম। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আন্তর্জাতিক স্তরের ‘৯৫-৯৫-৯৫’ লক্ষ্যমাত্রা পূরণ করায় জেলার ঝুলিতে এসেছে এই স্বীকৃতি। আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে নয়া দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বীরভূম জেলাকে সংবর্ধিত করবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সোমবার মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে জেলাশাসক ধবল জৈন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা এইডস নিয়ন্ত্রণ আধিকারিককে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 
প্রশ্ন উঠতে পারে, এই ‘৯৫-৯৫-৯৫’ লক্ষ্যমাত্রা ঠিক কী? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোনো এলাকাকে এইডস-মুক্ত ও ‘সুরক্ষিত’ ঘোষণা করতে হলে তিনটি ধাপ পেরতে হয়। প্রথমত, সমাজের সম্ভাব্য এইচআইভি আক্রান্তদের অন্তত ৯৫ শতাংশকে চিহ্নিত করা। দ্বিতীয়ত, শনাক্ত হওয়া ব্যক্তিদের ৯৫ শতাংশকে নিয়মিত চিকিৎসার আওতায় আনা এবং তৃতীয়ত, চিকিৎসাধীন রোগীদের ৯৫ শতাংশের শরীরে ভাইরাসের মাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যাতে তাঁদের থেকে সংক্রমণ না ছড়ায়। এই তিনটি শর্তই সাফল্যের সঙ্গে পূরণ করেছে বীরভূম জেলা।

Advertisement