কর্মীর অভাবে নিয়মিত পরিষ্কার হচ্ছে না ওটি, তার জেরেই প্রসূতিদের সংক্রমণ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: কর্মীর অভাবে নিয়মিত পরিচ্ছন্ন না হওয়াতেই বিষ্ণুপুর হাসপাতালের অপারেশন থিয়েটার এবং সিসিইউ জীবাণুর আখড়া হয়ে দাঁড়িয়েছে। তার জেরেই সিজারের পর প্রসূতি মায়েদের পেটে একের পর এক ইনফেকশন ছড়াচ্ছে। এমন তত্বই খাড়া করেছেন খোদ হাসপাতাল সুপার। একই সঙ্গে রোগীর পরিজনদের বিনা কারণে ঢুকে পড়ায় বাইরে থেকে জীবাণু  ঢুকছে বলে তিনি জানান। 

Advertisement

এব্যাপারে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বিষ্ণুপুর জেলা হাসপাতালের সমস্যা নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে। বিষয়টি জেলাশাসকও দেখছেন। আশা করি শীঘ্রই সমস্যা মিটে যাবে। 
বিষ্ণুপুর জেলা হাসপাতালে সুপার শুভঙ্কর কয়াল বলেন, গত তিনমাস ধরে সিজারের পর প্রসূতি মায়েদের পেটে ইনফেকশনের বিষয়টি নজরে এসেছে। রোগী কল্যাণ সমিতির শেষ বৈঠকেও এনিয়ে আলোচনা হয়েছে। লেবার রুম ও সিসিইউতে পরিচ্ছন্নতার অভাবে রয়েছে। কর্মীর অভাবে তা ঠিকঠাক পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। এব্যাপারে জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। রোগী কল্যাণ সমিতিতে আবারও আলোচনা করা হবে। বর্তমানে লেবার রুমটি বড়ো করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাউস কিপিং কর্মী নিয়োগের জন্য বলা হয়েছিল। এখনও তা আমরা পাইনি। এব্যাপারে সরকার অবশ্য উদ্যোগ নিয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। তা পেলে সমস্যা মিটবে। এছাড়াও রোগীর পরিজনদেরও সতর্ক হতে হবে। 
প্রসঙ্গত, গত তিন মাস ধরে বিষ্ণুপুর জেলা হাসপাতালে সিজার হওয়া প্রসূতি মায়েদের অনেকেরই পেটের সেলাইয়ে ইনফেকশন ছড়ানোর ঘটনা ঘটেছে। প্রথম দিকে বিষয়টি নিয়ে গুরুত্ব না দিলেও পরবর্তীকালে সিজার হওয়া একের পর এক রোগীর ইনফেকশনের ঘটনা সামনে আসায় রোগীর পরিজনদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বুধবার তাঁরা বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, জেলাশাসক এবং বিষ্ণুপুরের সাংসদের কাছে অভিযোগ জানান। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংসদ সঙ্গে সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারকে ফোন করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা জানান। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এরকম পাঁচজন রোগী ভর্তি আছেন। তাঁদের সিজারের পর পেটে সংক্রমণের চিকিৎসা চলছে। ওই সব রোগীর পরিবারের লোকেরা বলেন, সিজারের সময় কোনো সমস্যা হয়নি। সাতদিন পর পেটের ব্যান্ডেজ খুলতেই দেখা যাচ্ছে পেটে কাটা অংশ জোড়া তো লাগেইনি, উল্টে সেখানে ফুটো হয়ে পুঁজরক্ত বেরোচ্ছে। ডাক্তারকে বলার পর তাঁরা পুনরায় সেলাই করছেন। একজন দু’জন নয়। সিজার হওয়া অনেক রোগীর ক্ষেত্রেই একই ঘটনা ঘটনা ঘটছে। সেই কারণেই আমাদের মনে হয়েছে হাসপাতালের কোথাও গাফিলতি হচ্ছে। তার কারণে রোগীদেরকে এভাবে কষ্ট ভোগ করতে হচ্ছে। যেখানে সিজার হওয়ার সাতদিন পর ছুটি দেওয়ার কথা। সেখানে আবার সংক্রমণের চিকিৎসা করানোর জন্য হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। তাই এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা হাসপাতাল সুপার থেকে আরম্ভ করে জেলাশাসক, সাংসদ ও মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছি।