নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর নিয়ে সরকারি নজরদারির আওতায় আসছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ, সরকারি স্বাস্থ্য পরিকাঠামোতে তাও কিছুটা গাইডলাইন মেনে আউটডোর-ইনডোরের আইসিইউয়ের রোগীদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু অধিকাংশ বেসরকারি ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট, সুষ্ঠু, সকলের ক্ষেত্রে প্রযোজ্য এক গাইডলাইন নেই। ফলে মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে বাড়ছে রেজিস্ট্যান্স। রোগের সঙ্গে যুদ্ধে চিকিৎসকদের হাতে থাকা মোক্ষম ‘অস্ত্র’গুলিই হয়ে পড়ছে ভোঁতা। প্রাইভেট হাসপাতালগুলিতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ যেমন এই প্রথম নজরদারির আওতায় আসছে, তেমনই সরকারি নজরদারিতে আসছে ১৪টি জেলা হাসপাতালের এএমআরও। এতদিন ১০৭টি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে এই সার্ভেলেন্স চলত। এবারে আরও ১৪টি যুক্ত হচ্ছে। আজ, বৃহস্পতিবার রাজ্যের বর্তমান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পরিস্থিতি নিয়ে পর্যালোচনার আয়োজন করা হয়েছে। সরকারি-প্রাইভেট দু’ধরনের হাসপাতালের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছে। সেখানে গত তিন থেকে চারবছরের এএমআর পরিস্থিতির কথা এবং তার থেকে বেরিয়ে আসার কথা জানানো হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই তথ্য জানা গিয়েছে।



