সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: শরীরে মাইক্রোফাইলেরিয়া পরজীবী আছে কি না, জানতে এবার রাত্রিকালীন রক্ত সংগ্রহ করে পরীক্ষা হবে বাসিন্দাদের। কারণ, রাতে খাওয়াদাওয়ার পর মানুষের যখন ঘুম পায় বা ঝিমুনি আসে, তখনই এই পরজীবী সক্রিয় হয়। এক দশকের বেশি সময় বাদে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার দুই স্বাস্থ্য জেলা সহ রাজ্যের আরও ১০ জেলায় এই কর্মসূচি নেওয়া হবে। তার মধ্যে, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া, কোচবিহার, বসিরহাট স্বাস্থ্য জেলা প্রভৃতি রয়েছে। কারণ, এর আগে এইসব জেলায় মাইক্রো ফাইলেরিয়া পরজীবী পাওয়া গিয়েছিল। কর্মসূচির নাম দেওয়া হয়েছে নাইট ব্লাড সার্ভে। স্বাস্থ্যদপ্তর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এটি শেষ করার কথা বলা হয়েছে।
কীভাবে রাত্রিকালীন রক্ত পরীক্ষা করা হবে? জানা গিয়েছে, রাত দশটার পর থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে। সংশ্লিষ্ট স্বাস্থ্য জেলার অধীনে থাকা সব ব্লকেই এই কর্মসূচি নিতে হবে। কুড়ি বছরের বেশি বয়সি বাসিন্দাদের এই রক্ত পরীক্ষা হবে। শিশুদের কর্মসূচি থেকে বাদ রাখা হয়েছে। বাসিন্দারা সেই ক্যাম্পে আসবেন। তাঁদের আঙুলে সুচ ফুটিয়ে রক্তের নমুনা নিয়ে সেটা স্লাইডে ফেলে সংরক্ষণ করা হবে। পরে সেটাই ল্যাবরেটরিতে পাঠানো হবে। মোট পরীক্ষিতদের মধ্যে এক শতাংশের শরীরে যদি এই পরজীবী পাওয়া যায়, তাহলে প্রত্যেককে ওষুধ খাওয়াতে হবে। এই রাত্রিকালীন রক্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ কতটা রাজি হবেন, তা নিয়ে একটা সংশয় আছে চিকিৎসক মহলে। যদিও এ ব্যাপারে আগাম প্রচার ও সচেতনামূলক কর্মসূচি নেবে স্বাস্থ্য বিভাগ।
ইতিমধ্যে বহু জায়গায় চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চিকিৎসকদের দাবি, ফাইলেরিয়া আটকাতে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কারও শরীরে যদি মাইক্রো ফাইলেরিয়া পরজীবী থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে কোনো রোগের উপসর্গ দেখা যাবে না। প্রায় ২০ বছর বাদে সেই মানুষের শারীরিক অসুস্থতা তৈরি হবে। গোদ, হাইড্রোসিলের মতো রোগ দেখা দিতে পারে। কিন্তু সেই সময় আর চিকিৎসায় সেভাবে কাজ হবে না।



