Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্প্রিন্টার গ্যাবির মন্ত্রে সফল গফ

স্প্রিন্টার গ্যাবির মন্ত্রে সফল গফ
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: চার বছর আগে এমনই এক জুন মাসের কথা। ইনস্টাগ্রাম পোস্টে কোকো গফ লিখেছিলেন, ‘স্বপ্ন দেখলাম, আমি ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছি।’ শনিবার ছিল তাঁর সেই স্বপ্নপূরণের দিন। ফিলিপ চ্যাট্রিয়ার কোর্টে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে রোলাঁ গারোর নতুন রানি এখন মার্কিন তরুণী। তার সঙ্গেই গফের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হল দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। উল্টোদিকে আরও একবার অধরাই রইল সাবালেঙ্কার ফরাসি ওপেন জয়ের স্বপ্ন। 

Advertisement

ফ্রান্সের বিমানে ওঠার আগে প্যারিস ওলিম্পিকসে ২০০ মিটার দৌড়ে সোনা জয়ী গ্যাবি থমাসের সঙ্গে দেখা করেছিলেন গফ। জেনেছিলেন, প্যারিস গেমসের প্রস্তুতির সময় গ্যাবি তাঁর নোটবুকে রোজ একটাই কথা লিখতেন— অমি সোনা জিতব। ফ্রেঞ্চ ওপেনের আগে স্বদেশী চ্যাম্পিয়ন অ্যাথলিটের সেই অভ্যাসটাই অনুকরণ করেন গফ। আর তাতেই সাফল্য। এই প্রসঙ্গে নয়া চ্যাম্পিয়ন বলছিলেন, ‘এই মন্ত্রই আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। শুধু তাই নয়। প্রতিদিন প্র্যাকটিসের পর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম, আমি পারব। কল্পনা করতাম, ফাইনালের মঞ্চে কাপ হাতে দাঁড়িয়ে আছি। তাই প্রথম সেট হারের পরেও বিচলিত হইনি। মাথা ঠান্ডা রেখে লক্ষ্য ছুঁয়েছি।’
সাবালেঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয়ের জন্য স্টেডিয়ামের সাহায্য যে তিনি পেয়েছেন, তাও মেনে নিয়েছেন গফ। তাঁর কথায়, ‘স্টেডিয়ামের ছাদ খোলা ছিল। তাই হাওয়ার চাপ ছিল বেশ, যা আমার এস সার্ভিসগুলিকে আরও ধারালো করেছে।’ ছাদ খোলা থাকা ইস্যুতে ততটাই বিরক্ত সাবালেঙ্কা। তাঁর বক্তব্য, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে উদ্যোক্তাদের সবকিছু বিচার করা উচিত ছিল।’ তবে গফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারের জন্য নিজেকেই দায়ী করেছেন বেলারুশের তারকা। নিজের খেলা সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়েই ম্যাচ হেরেছি। প্রচুর আনফোর্সড এরর হয়েছে। সেটাই শেষ পর্যন্ত তফাত গড়ে দিল। এই নিয়ে দু’বার গফের কাছে হারলাম। আর এই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। আমি শীঘ্রই ঘুরে দাঁড়াব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ