নয়াদিল্লি: ‘সিউ...।’ বিপক্ষের জাল কাঁপিয়ে সিআর সেভেনের এটাই ট্রেডমার্ক সেলিব্রেশন। বিশ্ব ফুটবলে অভিনব। অনেকেই তা নকল করেন। শনিবারের সোশ্যাল সাইটে সিউকে কড়া টক্কর দিচ্ছে কার্টহুইল সেলিব্রেশন। লিডসে ঝকঝকে সেঞ্চুরির পর ঋষভ পন্থের ডিগবাজি রীতিমতো ভাইরাল। চায়ের আড্ডায় কার্টহুইল নিয়ে জোর চর্চা। মুখ খুলেছেন পন্থ নিজেও। হেডিংলেতে তৃতীয় দিনের ম্যাচ শুরুর আগে ঋষভকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন চেতেশ্বর পুজারা। রহস্য ফাঁস করে পন্থের জবাব, ‘গোটা তিনেক সেলিব্রেশন ভেবে রেখেছিলাম। ব্যাট দেখিয়ে জবাব দেওয়ার পরিকল্পনাও ছিল। শেষপর্যন্ত ভল্টকেই বেছে নিই।’ জবাব শুনে পুজারাও হাসি চাপতে পারেননি। আসলে আম জনতার মতো কার্টহুইল নিয়ে বিশেষজ্ঞদেরও প্রবল কৌতূহল। রবি শাস্ত্রীর রসিকতা, ‘ছোটবেলায় পন্থ নিশ্চয়ই জিমন্যাস্টিক শিখেছে।’ অন্যদিকে, পুজারা বলেছেন, ‘পন্থ দুর্ধর্ষ ব্যাটার। ওর ব্যাটিং উপভোগ করুন। কিন্তু সেলিব্রেশন নকল করার ভুল করবেন না।’



