নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী চার বছরের জন্য আইএসএল আয়োজন করবে ক্লাব জোটই। সেই মতো পরিকল্পনা তৈরি শুরু করে দিলেন জোট কর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন মিটিংয়ে স্থির হয়েছে, দ্রুত কোম্পানি গড়া হবে। ১৪টি ক্লাবের শেয়ার থাকছে নতুন কোম্পানিতে। লভ্যাংশ নিয়েও আলোচনা হয়। এই নতুন কোম্পানির সঙ্গেই ফেডারেশনের চুক্তি হবে। সব ঠিকঠাক চললে ৪ সেপ্টেম্বর শুরু হতে পারে আইএসএল। লিগ আয়োজনের ক্ষেত্রে পাঁচ সদস্যের কমিটিতে ক্লাব প্রতিনিধিরাই থাকবেন। খরচ কমাতে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছিল বেশ কয়েকটি ক্লাব। এদিনের মিটিংয়ে বিদেশি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। অনেকেরই মত, টুর্নামেন্টের মাঝপথে কোনো বিদেশি চোট পেলে নতুন ফুটবলার পাওয়া সমস্যার। সোমবারের বৈঠকে স্টেডিয়াম ভাড়া মুকুবের ক্ষেত্রে আশ্বাস দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে স্টেডিয়াম ভাড়া বাবদ প্রতি ম্যাচে ১৩ লক্ষ টাকা ভাড়া গুনতে হতো কলকাতার দুই প্রধানকে। তা মকুব হলে সুরাহা হবে অনেকটাই। প্রতি দলে পিআইও কোটার ফুটবলার খেলানোর ক্ষেত্রে ২৮ জনের তালিকা প্রস্তুত করেছে ফেডারেশন।



