শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: অপরাধের জট খুলতে এবং যানজটের কারণ খুঁজতে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় লাগানো আছে অনেক সিসি ক্যামেরা। এই ধরনের ক্যামেরা আছে গোটা হাওড়া শহরজুড়েই। প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে ভেবে নিশ্চিন্ত থাকছে আম জনতা। কিন্তু সেসব ক্যামেরায় যে ফুটেজ উঠছে, তা সংরক্ষিত হচ্ছে সর্বাধিক ১০ দিন। মাত্র তিন-চারদিন ফুটেজ সরিক্ষিত থাকছে, এমন ক্যামেরাও রয়েছে। ফলে কোনো অপরাধ ঘটে যাওয়ার ১০-১২দিন পরে যদি তা জানা যায় বা তদন্তের জন্য যদি বেশ কয়েকদিন আগের ফুটেজ দরকার হয় পুলিশের, তা আর মিলছে না। ফুটেজ খুব বেশিদিন সংরক্ষিত না থাকার বিষয়টি সামনে এসেছে রাজ্য পুলিশের সাম্প্রতিক অডিটে। অপরাধীকে খুঁজতে বা যানজট মোকাবিলায় পুলিশের যখন ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা প্রয়োজন, ততক্ষণে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে গিয়েছে। এই অবস্থায় সিসি ক্যামেরাগুলির স্টোরেজ সিস্টেম ঢেলে সাজছে হাওড়া সিটি পুলিশ। সেই সঙ্গে ক্যামেরাগুলি কোন এজেন্সি বসিয়েছিল, তার তথ্যপঞ্জি তৈরি করা হয়েছে বলে খবর।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ক্যামেরাগুলি তৃণমূল জমানায় লাগানো হয়েছিল। পুলিশি ব্যবস্থা আধিুনিকীকরণের জন্য কেন্দ্রের দেওয়া টাকায় এগুলি কেনা হয়। রাজ্যের কোটার ক্যামেরা দেওয়া হয় হাওড়া সিটি পুলিশকেও। বিভিন্ন এজেন্সি এই ক্যামেরা বসানোর কাজ পায়। টেন্ডার ডেকে বিভিন্ন সংস্থার থেকে কেনা হয় ক্যামেরা। কাজ শেষে টাকা নিয়ে চলে গিয়েছে সংস্থাগুলি। কিন্তু গোটা ব্যবস্থাকে একটি অভিন্ন প্রযুক্তি কাঠামোর মধ্যে আনার কথা কেউ ভাবেনি। তাই কোনো ক্যামেরায় তিনদিন, কোনোটায় সাত-দশ দিনের ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কোনো ‘সিঙ্ক্রোনাইজেশন’ নেই সেগুলির মধ্যে।
পালাবদলের পর নতুন সরকার কন্ট্রোল রুম চালু করেছে। সেই সূত্রেই শুরু হয়েছিল অডিট। হাওড়া শহরে কোন ক্যামেরা সক্রিয়, কোনটি নিষ্ক্রিয়, কোনটির স্টোরেজ ক্যাপাসিটি কত, সেসব তথ্য সংগ্রহ করা হয় অডিটে। আর তা করতে গিয়েই এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে। জানা যাচ্ছে, হাওড়া শহরে বর্তমানে ট্রাফিকের ১০৫৪টি ক্যামেরা সক্রিয় রয়েছে। কিন্তু সমস্যা সেই স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে। হাওড়া স্টেশনের মতো এলাকায় সিসি ক্যামেরার স্টোরেজ ও ক্যামেরা বসানোর মান নিয়ে একাধিক অসঙ্গতি উঠে আসে অডিটে। তাই সিসিটিভির গোটা ব্যবস্থার খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে হাওড়া স্টেশন সংলগ্ন চত্বরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ আপাতত এক মাস সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী সময়ে তা বাড়িয়ে তিন মাস করা হবে। সেই সঙ্গে বদলানো হবে কিছু ক্যামেরা। এরপর ধাপে ধাপে গোটা হাওড়া শহরের ট্রাফিকের ক্যামেরার ফুটেজ তিন মাস সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এই কাজের জন্য অনেক টাকা প্রয়োজন। তার জন্য বিভিন্ন শিল্পসংস্থার সঙ্গে কথা বলছেন পুলিশকর্তারা। যদি তারা আগ্রহী না হয়, সেক্ষেত্রে সরকারি খরচেই নতুন স্টোরেজ সিস্টেম ও নয়া ক্যামেরা বসানো হবে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর।



