বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে আজ নবান্নে বৈঠকে শুভেন্দু
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর দলের জয়ী প্রার্থীদের নিয়ে আজ সোমবার প্রথম বৈঠকে বসছেন পরিষদীয় নেতা শুভেন্দু অধিকারী। বিকেল ৪টায় নবান্ন সভাঘরে এই বৈঠক। তার আগে রবিবার রাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার সকাল ন’টায় রাজ্য বিজেপির সল্টলেক অফিসে বৈঠকে বসবেন তাঁরা। সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণ ও সরকারের একাধিক অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

Advertisement

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে ২০৭টি আসন পেয়েছে বিজেপি। শুক্রবার ২০৬ জন জয়ী পদ্ম প্রার্থী সর্বসম্মতভাবে শুভেন্দুবাবুকে পরিষদীয় নেতা নির্বাচিত করেন। তারপর আজ বিধায়ক দলকে আগামীর দিশা দেবেন মুখ্যমন্ত্রী।  আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার শপথ নেবেন। মানিকতলার জয়ী প্রার্থী তাপস রায়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পর্ব মিটলে শাসক-বিরোধী সমস্ত দলের বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে। চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে এই পরিষদীয় রীতি চলবে। তারপরই হবে বিধানসভার স্পিকার নির্বাচন। আজ জয়ী প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের বিরাট গুরুত্ব রয়েছে। কেননা, খুব শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। এক্ষেত্রে দলের এই জয়ী প্রার্থীদের থেকেই পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বাছাই করতে হবে পরিষদীয় নেতাকে। 
সেই সূত্রে শুভেন্দুবাবু শপথগ্রহণের পর থেকে বহু জয়ী প্রার্থী তাঁর সঙ্গে সেঁটে রয়েছেন। মন্ত্রিত্বের দৌড়ে টিকে থাকতে বিভিন্ন পর্যায়ে চেষ্টার ত্রুটি রাখছেন না অনেকেই। আইনসভায় শাসক দলের আগামী দিনের ভূমিকা মুখ্যমন্ত্রী আজকের মিটিংয়ে অনেকটাই স্পষ্ট করবেন বলে জানা গিয়েছে।