শ্যামল সেন, হলদিয়া: বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কোনো খামতি থাকবে না। মঙ্গলবার ফের একবার এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনে শাসকদলের প্রার্থী হাসিরানি রথের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় দলের প্রচার সভায় তিনি একথা বলেন। ওই সভায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ জেলার বিধায়ক ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
শুভেন্দুবাবুর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে দুষ্কৃতীরা নির্মমভাবে হত্যা করেছিল। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি চন্দ্রনাথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে। এদিন হাসিদেবী হলদিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ও নন্দীগ্রামের বিজেপি নেতারা। এদিন সভামঞ্চে বিজেপি প্রার্থীর সঙ্গে কর্মী-সমর্থকদের পরিচয় করিয়ে দিয়ে শুভেন্দুবাবু বলেন, যেদিন তমলুকের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলাম, সেদিন পরিষেবা নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু আমি আশ্বস্ত করছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলি অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার। হাসিদেবীর বিপুল ভোটে জয় চাই। ২০৩১সাল পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষার গ্যারান্টি দিয়ে যাচ্ছি।
গত চারমাসে নন্দীগ্রামের হরিপুরে দমকলকেন্দ্র হয়েছে। নন্দীগ্রাম-হলদিয়া সেতুর জন্য মাটি পরীক্ষা, টেন্ডারের প্রস্তুতি, রাইটসকে দিয়ে সমীক্ষা ও প্রাথমিকভাবে ১০০কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এসমস্ত কথা মনে করিয়ে দেন শুভেন্দুবাবু। নন্দীগ্রামে প্রচারে আর আসতে পারবেন না বলেও মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন। একেবারে ভোট দিতে আসবেন তিনি। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমরা এমন মার্জিনে জিতব যা কেউ কল্পনা করতে পারবে না।’ বিরোধীদের কটাক্ষ করে বলেন, ১০হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই সিকিউরিটি মানি আপনারা বাঁচাতে পারবেন না। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি বামেদের ‘মহাশূন্যে বিচরণকারী দল’ বলেও তিনি কটাক্ষ করেন। নন্দীগ্রামে জেলখাটা ও মামলার মুখে পড়া বিজেপি নেতা-কর্মীদের দলে ও সরকারি স্তরে মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও দেন। বলেন, নন্দীগ্রামের বিজেপি কর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যে মামলা প্রত্যাহারের দায়িত্ব আমার। এদিনের সভামঞ্চ থেকে সংখ্যালঘুদের বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনাদের কাছে সুযোগ এসেছে। আপনারা সরকারের সঙ্গে থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে। ৬অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে আপনাদের পরীক্ষা।
এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী হলদিয়া আসেন। সভা শেষে হলদিয়ার কড়া রোদের মধ্যেই কদমতলা মোড় থেকে প্রায় দেড় কিমি পথ বর্ণাঢ্য মিছিলে হেঁটে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে যান। প্রার্থী হাসিরানি রথ অবশ্য ট্যাবলোয় ছিলেন। মনোনয়ন মিছিলের যাত্রাপথ নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু’পাশে ব্যাপক ভিড় দেখা গিয়েছে। মনোনয়ন জমা দিচ্ছেন হাসিরানি রথ। রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র