সংবাদদাতা, জঙ্গিপুর: ছাত্রছাত্রীদের কেরিয়ার-সংক্রান্ত সুযোগ ও পেশাগত ভবিষ্যতের দিশা দেখাতে জঙ্গিপুরের মহকুমা শাসক কেরিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলেন। শনিবার রঘুনাথগঞ্জে মহকুমা শাসকের অফিসে সারাদিন ধরে এই অনুষ্ঠান হয়। সেখানে মহকুমা শাসক একাম জে সিং, ডিএমডিসি মাধব মণ্ডল, এমডিআই-এর সহকারী অধ্যাপক পরমা মিত্র, এসবিআইয়ের জঙ্গিপুর শাখার কর্মী মহম্মদ ইয়াসির অরেসুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কর্মসংস্থান-সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। মহকুমা শাসক বলেন, এই অনুষ্ঠানে পড়ুয়ারা কেরিয়ারের বিষয়ে ধারণা পেয়েছে। কেরিয়ার গড়তে কীভাবে এগোবে-সেবিষয়ে জানতে পেরেছে। আশা করি, ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের ক্ষমতা পাবে ও আগামী দিনে সঠিক পথে এগিয়ে যাবে। এদিন জঙ্গিপুর মহকুমার সাতটি ব্লক ও দু’টি পুরসভার সরকারি ও বেসরকারি স্কুল এবং মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান হয়। সবমিলিয়ে ১১০জন ছাত্রছাত্রী অংশ নেয়। ইউপিএসসি, ডব্লুবিসিএস, এনডিএ, স্টাফ সিলেকশন(সিজিএল)-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে আলোচনা হয়। এছাড়া, চিকিৎসা ও প্যারামেডিক্যাল কোর্স, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যাঙ্কিং, পুলিস ও ব্যবসায়িক বিষয়েও পড়ুয়াদের অনেক কিছু জানানো হয়। এদিনই জঙ্গিপুর জেলা পুলিসের উদ্যোগে পুলিস সুপারের অফিসে স্বাস্থ্যশিবির আয়োজিত হয়। সেখানে পুলিসকর্মী ও সহায়ক কর্মীদের ব্লাড প্রেশার, সুগার, ওজন, ইসিজি, পিএফটি, ও চোখ পরীক্ষা করা হয়। শিবিরে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্যপরীক্ষা করেন। পুলিস সুপার অমিতকুমার সাউ বলেন, কর্তব্য পালন করতে গিয়ে অনেকসময় পুলিস কর্মীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে পারেন না। অনেকক্ষেত্রে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। তাই এই শিবির।



