Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা রুখতে এবার নোদাখালি, নেতড়ায় সাব ট্রাফিক গার্ড অফিস

একটি মগরাহাটের নেতড়া স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে। অপরটি হবে বজবজের নোদাখালিতে

দুর্ঘটনা রুখতে এবার নোদাখালি,  নেতড়ায় সাব ট্রাফিক গার্ড অফিস
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যানজট নিয়ন্ত্রণ থেকে দুর্ঘটনা ঠেকানো - ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজতে দুটি পৃথক সাব ট্রাফিক গার্ড অফিস তৈরি করছে ডায়মন্ডহারবার পুলিস জেলা। একটি মগরাহাটের নেতড়া স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে। অপরটি হবে বজবজের নোদাখালিতে। ট্রাফিক বিভাগের দাবি, এই দু’টি জায়গা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। অথচ ট্রাফিকের নজরদারি সেভাবে নেই। তাই নতুন করে সেখানে ট্রাফিক গার্ড তৈরি করার ছাড়পত্র দিয়েছে পুলিস সুপারের অফিস।

Advertisement

অনেক গাড়ির চালক কুলপি বা কাকদ্বীপ যাওয়ার সময় ডায়মন্ডহারবার এড়িয়ে শিরাকল, উস্থি হয়ে নেতড়া স্টেশন পার করে হটুগঞ্জ দিয়ে চলে যান। ফলে এই বাইপাস রুটে গাড়ির চাপ ভালো রকমই পড়ে। প্রচন্ড ঘিঞ্জি এই এলাকা দিয়ে প্রাইভেট গাড়ি থেকে বড় বড় ট্রাক– সবই যাতায়াত করে। এমনকী নেতড়ার কাছে ভালো যানজটও হয়। কিন্তু এই গোটা রাস্তা জুড়ে কোনও ট্রাফিক পুলিস নেই। যানজট কাটানোর জন্যও কোনও সিভিক ভলান্টিয়ার বা পুলিসকে দেখা যায় না বলেও অভিযোগ। তাই এখানে সাব ট্রাফিক গার্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বজবজের নোদাখালি থানার বিস্তীর্ণ এলাকা জুড়েও ট্রাফিক পুলিসের কোনও ব্যবস্থা নেই। অথচ এখানকার গ্রামীণ বহু রাস্তায় দুর্ঘটনা ঘটার খবর প্রায়ই উঠে আসছে। বিড়লাপুর, রায়পুর, বিশালাক্ষীতলা ইত্যাদি জায়গাগুলি ট্রাফিক পুলিসের নজরদারিতে আনার জন্য নোদাখালি থানার ডোঙারিয়াতে এই সাব ট্রাফিক গার্ডের অফিস করা হচ্ছে। ইতিমধ্যে নেতড়া মাদ্রাসার কাছে এই ট্রাফিক অফিসের ভবন নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ডোঙারিয়ার কাজ আর কয়েকদিন বাদে শুরু হবে বলে খবর। ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, এইসব ট্রাফিক গার্ডের জন্য থাকবে একজন করে ওসি, দু’জন সাব ইনসপেক্টর, ছ’জন কনস্টেবল এবং ৩০ জন করে সিভিক ভলান্টিয়ার।

Advertisement
সম্পর্কিত সংবাদ