নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিদ্যালয়ের শিশুরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ডাক দিচ্ছে। বেলডাঙা চক্রের ৩০নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় নানা অভিনব কর্মকাণ্ড করে অন্যান্য সব স্কুলের পথপ্রদর্শক হয়ে উঠেছে। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থীদের হাতে ছিল সচেতনতামূলক পোস্টার। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে। আবার, পথচলতি কুকুর থেকে সাবধানতার বার্তাও দিয়েছে পড়ুয়ারা। শিশুরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় পথকুকুর দেখলে তাদের সঙ্গে কেমন আচরণ করবে, সেই বিষয়েও আলোকপাত করে পড়ুয়ারা। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, বর্তমান পরিস্থিতিতে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে থাকা আমাদের কর্তব্য। আগামী প্রজন্ম অর্থাৎ বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে আমাদের।



