Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সংঘর্ষের পর থেকে বন্ধ, পুলিশি পাহারায় হস্টেল ছাড়লেন পড়ুয়ারা

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বয়েজ হস্টেল ফের কবে খুলবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

সংঘর্ষের পর থেকে বন্ধ, পুলিশি  পাহারায় হস্টেল ছাড়লেন পড়ুয়ারা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বয়েজ হস্টেল ফের কবে খুলবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রায় এক মাস ধরে বন্ধ হস্টেল থেকে মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেলেন আবাসিক ছাত্রেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপের পরই নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি আরও দীর্ঘ সময় বন্ধই থাকবে বয়েজ হস্টেল?

Advertisement

রাখিবন্ধন উৎসব ঘিরে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসতের পশ্চিমবঙ্গ স্টেট বিশ্ববিদ্যালয় চত্বর। হস্টেলে ভাঙচুরের অভিযোগও উঠেছিল এবিভিপির বহিরাগতদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে হস্টেল খালি করে দেওয়া হয় সেই সময়। তারপর থেকে বন্ধ রয়েছে হস্টেল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, হস্টেলে প্রায় ৪০ জন ছাত্র থাকতেন। তাঁদের অনেকেই উত্তরবঙ্গ সহ ভিনজেলার বাসিন্দা। তুলনামূলক কম খরচে হস্টেলে থেকেই স্নাতকোত্তরের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। হস্টেল বন্ধ হয়ে যাওয়ায় সেই ব্যবস্থা ভেঙে পড়েছে। কেউ বাড়ি থেকে প্রতিদিন যাতায়াত করছেন। আবার কেউ বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে মেসে থাকছেন। এর মধ্যে মঙ্গলবার দুপুরে হস্টেলে থাকা নিজেদের নথি ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়ার জন্য ছাত্রদের অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত দিনে দত্তপুকুর থানার পুলিশের উপস্থিতিতে হস্টেলে ঢুকে জিনিসপত্র নিয়ে যান ছাত্রেরা। এক ছাত্র রাজু দাসের কথায়, হস্টেল চালু থাকলে দূরের ছাত্রদের অনেক সুবিধা হত। এখন বাড়ি থেকে আসা-যাওয়া করতে হচ্ছে। মেসে থাকলেও খরচ অনেক। হস্টেল কবে খুলবে সেটাও জানি না। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র বলেন, জিনিসপত্র বের করে দেওয়ার বিষয় নয়। হস্টেলে কিছু ছাত্রের নথি ও প্রয়োজনীয় সামগ্রী ছিল। সেগুলি নেওয়ার জন্য তাঁরা আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে পুলিশকে জানানো হয়। পুলিশের ঠিক করে দেওয়া দিনে তাদের উপস্থিতিতেই ছাত্রেরা নথি ও জিনিসপত্র নিয়ে গিয়েছেন। হস্টেল সংস্কার করে দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ