নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এবার এআই ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনার সুযোগ পাবে জঙ্গলমহলের পড়ুয়ারাও। সেই সুযোগ করে দিচ্ছে সিধো-কানো-বিরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে নয়া বছরের জুলাই মাস থেকেই স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এআই এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করার সুযোগ পাবেন। ইতিমধ্যে এনিয়ে প্রস্তাব তৈরির কাজ শুরু করা হয়েছে। তবে, শুধু এই দু’টি নয়, আরও একাধিক নয়া ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স চালু করার ক্ষেত্রেও প্রস্তাব তৈরির কাজ চলছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল বলেন, এআই এবং সাইবার সিকিউরিটি সহ মোট পাঁচটি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স চালু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রস্তাব তৈরি করা হচ্ছে। উচ্চ শিক্ষা দপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পেলেই পঠন-পাঠন চালু করা হবে। আমাদের আশা, আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই নয়া এই পাঁচটি কোর্সের পঠন-পাঠন শুরু করা সম্ভব হবে। এআই, সাইবার সিকিউরিটি সহ বাকি তিনটি কোর্স যথেষ্টই যুগোপযোগী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এআই সহ সাইবার সিকিউরিটি, মেডিকেল ফিজিক্স, ফুড টেকনোলজি এবং আরও একটি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত প্রস্তাব তৈরি হতেই প্রথম ধাপে ইন্টার্নাল অ্যাকাডেমিক কাউন্সিলে পেশ করা হবে। পরবর্তীতে এক্সিকিউটিভ কাউন্সিলে সেই প্রস্তাব নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। সবশেষে সেই প্রস্তাব উচ্চ শিক্ষাদপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হবে। কর্তৃপক্ষের দাবি, যুগোপযোগী পাঁচটি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স চালুর ক্ষেত্রে দ্রুত উচ্চ শিক্ষা দপ্তরের তরফে অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন মিলতেই বিজ্ঞপ্তি জারি করে আগামী বছরের জুলাই মাস থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, এই মুহূর্তে ৩০টি পিজি ও ন’টি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। সেইসঙ্গে আরও নতুন পাঁচটি কোর্স চালু করার ক্ষেত্রে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, জঙ্গলমহল এলাকার বহু পড়ুয়াই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। সেক্ষেত্রে ইচ্ছে থাকলেও একাধিক বিষয়ে কোর্স করার সুযোগ থেকে তাঁরা বঞ্চিত হন। সেক্ষেত্রে জঙ্গমহল এলাকার পড়ুয়াদেরও জেন-জির সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে পাঠ দিতে নয়া পাঁচটি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অনন্য ভূমিকা নেবে। বিশেষ করে এআই এবং সাইবার সিকিউরিটি কোর্স শেষে পড়ুয়ারা কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ করে নিতে পারবেন বলেও কর্তৃপক্ষের দাবি।