নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ফ্লাইওভারের দাবিতে বর্ধমানের মেটেল ডিভিসি এলাকায় মঙ্গলবার সকালে প্রায় দু’ঘণ্টা ১৯ নম্বর জাতীয় অবরোধ করে পড়ুয়ারা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিন সকালে ওই এলাকার বাসিন্দারা পড়ুয়াদের এগিয়ে দেয়। তারা স্কুল পোশাক পরে রাস্তার উপর বসে পড়ে। ট্রাফিক পুলিস তাদের বুঝিয়ে অবরোধ তোলে। ব্যস্ত সময়ে অবরোধ করায় যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে সময়মতো অফিসে পৌছতে পারেননি। পড়ুয়ারা অবরোধ তুলে নেওয়ার পর প্রথমে একটি লেন দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। কিছুক্ষণ পর অন্য লেনটিও খুলে দেওয়া হয়। জাতীয় সড়কের দু’পাশেই বহু যানবাহন দাঁড়িয়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়।
পড়ুয়ারা বলে, মেটেল ডিভিসি এলাকায় জাতীয় সড়কে কোনও ‘কাটিং’ নেই। অনেকটা ঘুরে রাস্তা পার হতে হয়। স্কুলে পৌঁছতেও দেরি হয়ে যায়। দুর্ঘটনার আশঙ্কা থাকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ফ্লাইওভার করেছে। এখানেও করতে হবে। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বলে, রাস্তা পার হয়ে স্কুলে যেতে হয়। আন্ডারপাশ থাকলে অল্পসময়ের মধ্যে স্কুলে পৌঁছতে পারতাম। এখন কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে ফ্লাইওভার তৈরির দাবিতে এর আগেও গলসি, শক্তিগড় এবং বর্ধমান থানা এলাকায় বিক্ষোভ হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, সব জায়গায় ফ্লাইওভার বা আন্ডারপাস করা যায় না। টেকনিক্যাল কিছু সমস্যা থাকে। কিন্তু, এলাকার বাসিন্দারা নিজেদের দাবিতে অনড়। এর আগে গলসি থানা এলাকার বাসিন্দারা ওভারব্রিজ তৈরির দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন। তাতে অফিসযাত্রী ও সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে। তিন থেকে চার কিলোমিটারের মধ্যে বিভিন্ন জায়গায় ওভারব্রিজ তৈরির দাবি উঠেছে। সব দাবি পূরণ করা সম্ভব নয় বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অভিমত।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক বলেন, নবাবহাট, উল্লাসে ওভারব্রিজ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। শক্তিগড়ে ওভারব্রিজ তৈরির কাজ চলছে। নবাবহাটের দিকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজও শেষ পর্যায়ে। তারপরও সেখানে নতুন করে ওভারব্রিজ তৈরির দাবিতে রাস্তা অবরোধ হওয়ায় ক্ষুব্ধ পথ চলতি লোকজন। তাঁদের অভিযোগ, আগাম কোনও কিছু না জানিয়ে রাস্তা অবরোধ করলে সমস্যায় পড়তে হয়। অনেকে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছতে পারছেন না। দাবি আদায়ের আন্দোলন অন্য কোনও ভাবে করা যায় না? এভাবে আমজনতাকে দুর্ভোগে ফেলার কোনও যুক্তি নেই। এদিন মেটেল ডিভিসি এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগেও এলাকার বাসিন্দাদের দাবি মেনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওভারব্রিজ করতে বাধ্য হয়েছে। কিন্তু, এখন যা পরিস্থিতি তাতে নতুন করে কোনও ফ্লাইওভারের অনুমোদন পাওয়া একপ্রকার অসম্ভব।