নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজ ছাত্রীকে ছুরি মারার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মিন্টো পার্ক সংলগ্ন একটি কলেজের কাছে। আহত তরুণী ও অভিযুক্ত দু’জনেই একই কলেজের পড়ুয়া। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছাত্র দীপক সাউকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী মিন্টো পার্ক লাগোয়া একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত ছাত্র ওই কলেজেই তৃতীয় বর্ষে পড়ে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্র তরুণীকে বিরক্ত করছিল। কলেজ ক্যাম্পাসের ভিতর তাঁকে প্রেম নিবেদনের চেষ্টা করে। ছাত্রীটি প্রথমে বিষয়টিকে পাত্তা দেননি। পরে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন ওই ছাত্রী। কিন্তু তাতে কর্ণপাত করেনি দীপক। উলটে তাঁর সঙ্গে কলেজের মধ্যেই অসভ্য আচরণ করে বলে অভিযোগ। এমনকি, তাঁকে স্পর্শ করারও চেষ্টা করা হয়। তরুণী তাকে প্রত্যাখ্যান করায় ক্ষেপে যায় দীপক। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। সেই সময় ওই ছাত্রীকে অশ্লীল মন্তব্য করা হয় বলে অভিযোগ। এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, ছাত্রী যেখানেই যেতেন, তাঁর পিছু নিত ওই ছাত্র। তার আচরণে তিতিবিরক্ত হন তরুণী। তিনি এসব না করার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু কোনো আপত্তিকেই আমল দেয়নি সে।
গত শনিবার ক্লাস শেষের পর ওই ছাত্রী কলেজ থেকে বেরিয়ে মিন্টো পার্কের দিকে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন তাঁর পিছু নেয় দীপক। মিন্টো পার্ক থেকে কিছুটা এগতেই ওই ছাত্রীকে ধরে ফেলে সে। তাঁর রাস্তা আটকে পকেট থেকে ছুরি বের ডান হাতে বসিয়ে দেয়। তাঁর চিৎকারে স্থানীয়রা জড়ো হলে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র। আহত ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে একাধিক সেলাই পড়েছে। খবর পেয়ে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের চেষ্টা মামলা রুজু করে। পুলিশ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই ছাত্রের নাম ও ঠিকানা পায়। এরপর শনিবার রাতে সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে ঘটনায় ব্যবহৃত ছুরিটি।