Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

ফ্রান্সে পড়ুয়া বিক্ষোভ অব্যাহত

কম শিক্ষক, অতিরিক্ত পড়ুয়া, স্কুল-ক্লাসরুমের পরিকাঠামোর বেহাল দশা। একাধিক ইস্যুতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স।

ফ্রান্সে পড়ুয়া বিক্ষোভ অব্যাহত
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: কম শিক্ষক, অতিরিক্ত পড়ুয়া, স্কুল-ক্লাসরুমের পরিকাঠামোর বেহাল দশা। একাধিক ইস্যুতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা। ইতিমধ্যে প্যারিস, মার্সেই, স্ট্রাসবুর্গ সহ একাধিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। সেদেশের সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২১৫ জন পড়ুয়া জখম হয়েছেন। আহত ৭১৫ পুলিশ অফিসারও। বন্ধ রয়েছে একাধিক স্কুল। অগ্নিসংযোগ, সংঘর্ষের অভিযোগে ইতিমধ্যে ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে অধিকাংশই নাবালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাস সহ একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ। তাতে অবশ্য লাভ হয়নি। মঙ্গলবারও বিক্ষোভের ছবিটা বদলায়নি। এদিন প্যারিসের একটি হাইস্কুলের সামনে রাস্তা আটকে দেয় আন্দোলনকারীরা। 

Advertisement

সূত্রের খবর, সোমবারের একটি ঘটনা ঘিরে প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে। দক্ষিণ ফ্রান্সের লেন্স শহরে সংঘর্ষ চলাকালীন ১৫ বছর বয়সি এক পড়ুয়ার হাত নষ্ট হয়ে যায়। এরপরেই প্যারিসের একটি হাইস্কুলের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পড়ুয়াদের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবকরাও। বিক্ষোভের ছবি, ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় দাউদাউ করে জ্বলছে একাধিক গাড়ি। পাশেই প্ল্যাকার্ড, পতাকা হাতে প্রতিবাদ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ডে লেখা, ‘আপনারা বলেন, যুব সমাজই হল ভবিষ্যৎ। তাই তাদের কথা শুনতে হবে।’ সব মিলিয়ে দেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো চাপে বিদায়ী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ