নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রকাশ্যে কলেজ ছাত্রীকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ। অভিযুক্ত হাবড়ার এক হোটেল মালিকের ভাই রঞ্জিত বণিক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানার পুলিশ। বারুইপুর কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় রাজ্য। মহিলা সুরক্ষায় জিরো টলারেন্স নীতির কথা বলছে রাজ্য সরকার। সেই আবহে হাবড়ায় প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, বুধবার সকালে যশোর রোড ধরে অটোয় করে হাবড়ার শ্রীচৈতন্য কলেজে যাচ্ছিলেন এক ছাত্রী। ট্রেন যাওয়ার জন্য হাবড়া ২ নম্বর রেলগেটে লেভেল ক্রসিং বন্ধ ছিল। সেই সময় অটোটি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, রেলগেট সংলগ্ন একটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন রঞ্জিত বণিক। তাঁর পরনে ছিল গেঞ্জি ও শর্টস। সে ওই কলেজ ছাত্রীকে দেখে নিজের যৌনাঙ্গ নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করে রাখেন ওই ছাত্রী। পরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে তা ভাইরাল হয় (যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান)। বিষয়টি নজরে আসে হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের। তাঁর নির্দেশে বৃহস্পতিবার ঘটনাস্থলে যান বিজেপি যুবমোর্চার সভাপতি দেবজ্যোতি দাম সহ অন্যান্য নেতৃত্ব। অভিযুক্তের খোঁজে রেলগেট সংলগ্ন হোটেলেও যান তাঁরা। কিন্তু সেখানে রঞ্জিতকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ। এ নিয়ে বিজেপির তরফে হাবড়া থানায় রঞ্জিতের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি যুবমোর্চার সভাপতি দেবজ্যোতি দাম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।



