রাঁচি: জেএমএম-কংগ্রেস জোট শাসিত ঝাড়খণ্ডে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রবিবার রাত থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। সেই প্রতিবাদ কর্মসূচিকে সোমবার সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
নিটের প্রশ্নফাঁস ইস্যুতে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এদিন সেই পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, ‘ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শামিল ছাত্রনেতাদের সঙ্গে রবিবার রাতে ভিডিয়ো কলে কথা বলেছি। ঝাড়খণ্ডের পড়ুয়াদের পাশে রয়েছে সিজেপি। তাঁদের দাবিগুলির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই ও ইডি তদন্তের দাবিতে রবিবার রাত ১০টা নাগাদ অনশন কর্মসূচি শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ। অনশন শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, অনিয়মের অভিযোগগুলি নিয়ে কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারের উদাসীন মনোভাবে যুবসমাজ, ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের মনোবল ভেঙে যাচ্ছে। পড়ুয়াদের মনোবল অটুট রাখতেই আমি অনশন কর্মসূচি শুরু করছি। এই লড়াই কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং ঝাড়খণ্ডের লক্ষ লক্ষ পরিশ্রমী তরুণ-তরুণীর ভবিষ্যতের জন্য। আন্দোলনকারীদের প্রতি মাহাতর আহ্বান, আইন-শৃঙ্খলা বজায় রেখে সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি জারি রাখতে হবে। অনশনের ফলে শরীর দুর্বল হতে পারে, কিন্তু ন্যায়ের দাবিতে ওঠা কণ্ঠ তাতে দুর্বল হবে না।