নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্যকে কটূক্তি করায় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) নেতা অভিরূপ চক্রবর্তীকে পাঁচ বছরের জন্য সেন্সর করল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২৮ আগস্ট, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা ফেলায় বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে একটি সভা করে অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে’র বিরুদ্ধে তোপ দাগেন সংগঠনের এই রাজ্য সম্পাদক। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। উপাচার্য জানিয়েছেন, অভিরূপের কুকথার কোনও প্রতিবাদ করেননি শিক্ষামন্ত্রীও। উল্টে তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। তাই সিন্ডিকেটে গোপন এজেন্ডা এনে অভিরূপকে পাঁচ বছরের জন্য সেন্সর করা হয়েছে। এই পাঁচ বছর তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও কোর্সে ভর্তি হতে এবং গবেষণা করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের এহেন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘একজন ছাত্রের প্রতি প্রতিহিংসামূলক আচরণ কোন পর্যায়ে গেলে গেলে যে এটা হতে পারে...! একসময় টুনটুনি বলেছিলাম। এখন দেখা যাচ্ছে তাঁর মধ্যে রীতিমতো একটা প্রতিহিংসাপরায়ণ ব্যাপারও রয়েছে। আমি আশ্বস্ত করতে চাই যে, এই সিদ্ধান্ত নিতান্তই সাময়িক। আমরা সর্বতোভাবে ছাত্রটির পাশে আছি। এই নিয়ম প্রত্যাহারের জন্য পরবর্তী উপাচার্যকে অনুরোধ করব।’



