নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির পার্টি অফিসে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ করেছেন বিজেপির এক মহিলা কর্মী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তের নাম কামরুজ্জামান ওরফে চিন্টু।
অভিযোগকারিণীর দাবি, মঙ্গলবার সিআইটি রোডে বিজেপির একটি পার্টি অফিস রয়েছে। সেখানে বিজেপির অন্যান্য নেত্রীর সঙ্গে ছিলেন এই প্রৌঢ়াও। তিনি এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী বলে পরিচিত। নিয়মিত পার্টি অফিসে যাওয়া আসা রয়েছে প্রৌঢ়ার। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় আচমকা ওই পার্টি অফিসে আসে চিন্টু। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। প্রত্যেকেই স্কুটারে করে এসেছিল। অভিযোগপত্রে প্রৌঢ়া জানিয়েছেন, তাঁকে মারধর করা হয়েছে। এমনকি, শ্লীলতাহানিও করা হয়েছে।
ওই পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করেছিল অভিযুক্তরা। থানায় এই মর্মেও অভিযোগ জানানো হয়েছে। প্রৌঢ়ার দাবি, অ্যাসিড ছুড়ে খুনের পরিকল্পনা ছিল অভিযুক্তের। পার্টি অফিসে থাকা অন্যান্যরা অভিযুক্ত ও তার সঙ্গীদের ধরার চেষ্টা করলে তাঁদের মারধর করে পালিয়ে যায় তারা। বুধবার বিকালে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলও পরিদর্শন করেছে তারা। সূত্রের খবর, তবে অ্যাসিড হামলার কোনো নমুনা মেলেনি। প্রৌঢ়ার অভিযোগ অনুযায়ী শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, কামরুজ্জামান ওরফে চিন্টু অভিযোগকারিণীর পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে আগেও বিবাদ হয়েছিল। সেই ঝামেলা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।