স্কুলে গিয়ে নিখোঁজ বারাসতের ছাত্রীর ৩ মাস ধরে হদিশ নেই! উদ্বেগে পরিবার
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলে পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। তারপর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি! আজও বাড়ি ফেরেনি সেই স্কুলছাত্রী। কোথায় রয়েছে সে, কেমন রয়েছে, আদৌ নিরাপদে আছে কি না— এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দিন কাটছে পরিবারের। মেয়ের খোঁজ পেতে থানায় গিয়েও আশানুরূপ সহযোগিতা মিলছে না বলে অভিযোগ পরিজনদের। পড়শি এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে পরিবার। বারাসাতের কাজিপাড়া এলাকার এই ঘটনায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১১ আগস্ট অষ্টম শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয়স্বজন থেকে পরিচিতদের বাড়ি, সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়ের সন্ধান পায়নি পরিবার। শেষ পর্যন্ত তারা থানার দ্বারস্থ হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকার এক যুবক তাঁদের বাড়ির মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে বেপাত্তা হয়েছে। ওই যুবকের সঙ্গে মেয়েটির যে যোগাযোগ ছিল, সেই সংক্রান্ত কিছু ঘটনার কথাও পুলিশকে জানানো হয়। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান মেলেনি। নিখোঁজ ছাত্রীর পিসির অভিযোগ, এর আগেও ওই যুবক মেয়েটিকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। কয়েকমাস আগে ঠান্ডা পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা হয়। সেই সময় বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর ওই যুবককে সতর্কও করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। গত ১১ আগস্ট পরীক্ষা দিতে বেরনোর পর থেকে নিখোঁজ স্কুলছাত্রী। অভিযুক্ত যুবকেরও কোনো খোঁজ নেই। মেয়েটির কাছে একটি মোবাইল ফোন ছিল। সেটিও ওই দিন থেকে বন্ধ। তবে পুলিশ এখনও পরিবারকে আশ্বস্ত করে চলেছে। বারাসত পুলিশ জেলার এক কর্তা বলেন, ‘কিশোরীর সঙ্গে থাকা মোবাইলের লোকেশন ট্র্যাক করা হচ্ছে। নানা সময় আলাদা আলাদা লোকেশন দেখাচ্ছে। তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে।’