সংবাদদাতা, বোলপুর: শতাব্দী প্রাচীন বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে মারধরের অভিযোগ। নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের শৌচালয়ে মারধরের অভিযোগ উঠেছিল একাদশ শ্রেণির দুই ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবিতে অভিভাবকদের পর এবার বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা। সোমবার স্কুল খুলতেই তা নিয়ে বিক্ষোভ দেখায় তারা। গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ।
অভিযোগ, গত শুক্রবার ক্লাসের অবসরে শৌচালয়ে গেলে নবম শ্রেণির এক ছাত্রীর উপরে চড়াও হয় একাদশ শ্রেণির দুই ছাত্রী। চোখ মুখ চেপে রেখে তার হাত কেটে দেওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে আক্রান্ত ছাত্রী। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে বাড়িতে ফিরে এলেও এখনও আতঙ্ক কাটেনি। এই ঘটনায় স্কুলের পরিচালন কমিটি বৈঠকও করে। তাতে অভিভাবকদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়। কিন্তু আশ্বস্ত হতে পারছে না পড়ুয়ারা।
ওই ঘটনার পর থেকে স্কুলের শৌচালয়ে একা যেতে ভয় পাচ্ছে তারা। ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, এই আশঙ্কায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয় পড়ুয়ারা। এদিন ক্লাস বয়কট করে প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুন্ডুকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রীদের একাংশ। তাদের সাফ কথা, অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়েছে।