নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসবে। নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করলেও শেষ পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড় হওয়ার কোনও আশঙ্কা নেই। নিম্নচাপের প্রভাবে আজ বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে কাল বৃহস্পতিবার ও শুক্রবার। দু’দিনই অনেকগুলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির
লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে জোরালো বাতাস বইতে পারে কোথাও কোথাও। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে এই সময়ে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী
থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। চারদিনই উত্তরবঙ্গের একাধিক জেলাতে অতিবৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল থাকার জন্য বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মরশুমের চূড়ান্ত পূর্বাভাস জারি করে জানিয়েছে, এবার দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। দীর্ঘ সময়ের গড়ের নিরিখে ১০৬ শতাংশ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। প্রাথমিক পূর্বাভাসেও এটাই বলা হয়েছিল। তবে শুধু দেশের উত্তর-পূর্ব অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ এই অংশের মধ্যে পড়ছে। দীর্ঘকালীন গড়ের তুলনায় ৯৪ শতাংশ বা তার কম বৃষ্টি হলে তা স্বাভাবিকের থেকে কম ধরা হয়। আবহাওয়াবিদরা অবশ্য বলছেন, দেশের উত্তর-পূর্ব অঞ্চলে স্বাভাবিক বৃষ্টির পরিমাণটাই যথেষ্ট বেশি। তাই কিছুটা কম বৃষ্টি হলেও চাষবাসে খুব একটা সমস্যা হয় না।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টি হবে সেখানকার ভৌগোলিক পরিস্থিতির জন্য। বঙ্গোপসাগর থেকে অধিক মাত্রায় ঢোকা জলীয় বাষ্প পাহাড়ে ধাক্কা খেয়ে অতিরিক্ত বৃষ্টির মেঘ সৃষ্টি করে। পাহাড় সংলগ্ন জেলাগুলিতে মূলত অতি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ওই দু’দিন।