নয়াদিল্লি: বৃষ্টি ভেজা শহরে তখনও ধীরে ধীরে আড় ভাঙছে শহরবাসীর। অনেকেই বাড়ি থেকে রওনা হয়েছেন অফিসের পথে। হঠাৎ কেঁপে উঠল মাটি। যার জেরে বৃহস্পতিবার সাতসকালে আতঙ্ক ছড়াল দিল্লিতে। এদিন সকাল ৯টা ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। যা স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪ নথিভুক্ত হয়েছে।
জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল হল হরিয়ানার ঝাঝর। রাজধানী দিল্লি থেকে যার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়েছে। যার ঝটকা লাগে রাজধানীতে। দিল্লি ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বেশ শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের জেরে দিল্লিতে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নিজেদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে। জানিয়েছেন, কম্পনের জেরে তাঁদের বাড়ির পাখা হঠাৎ দুলতে শুরু করে। উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ আরও বেশ কয়েকটি রাজ্যেও এদিন কম্পন অনুভূত হয়েছে।
বিশদে আসছে…