শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস, ক্ষতিগ্রস্ত বিমানবন্দর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩
Prefer us on Google

 লস এঞ্জেলেস, ২৯ নভেম্বর: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে ৫.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলে-সহ বিস্তীর্ণ এলাকা। ম্যানহাটন বিচের কাছে সমুদ্রে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বিভিন্ন দোকান থেকে মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। এমনকি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ছাদের টাইলসও খসে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩.৭ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ মাইল গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। সান্তা মনিকা ও পাসাডেনা-সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটারশক বা পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে। অনুমান করা গিয়েছে, ৪.০ বা তার বেশি মাত্রার আফটারশক হওয়ার সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। পরিস্থিতি খতিয়ে দেখতে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ১০৬টি দমকল কেন্দ্রের কর্মীদের মোতায়েন করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও পর্যন্ত। এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যানহাটন বিচ পিয়ার বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের আফটারশক নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে আপাতত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।