ইসলামাবাদ: ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি সক্রিয় রয়েছে। রাওয়ালকোটে জয়েশ-ই-মহম্মদের একটি ঘাঁটি রয়েছে। পিওকে-র পুঞ্চ জেলার ধরমশাল এলাকাতেও রমরমিয়ে চলছে জঙ্গি প্রশিক্ষণ। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে তাদের সরাসরি যোগযোগ রয়েছে।’ ইসলামাবাদের এক কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানাল জয়েশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি ওরফে আবু মহম্মদ। বিশ্বমঞ্চে জঙ্গিদের আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উঠলে বারবার দায় ঝেড়ে ফেলতে চায় পাকিস্তান। এমনকি দিনদুয়েক আগে এসসিও-র অনুষ্ঠানে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদিক মালিক বলেন, ‘পাক মদতে জঙ্গি কার্যকলাপের প্রমাণ দেখান।’ এরইমাঝে জয়েশ কমান্ডারের স্বীকারোক্তিতে ফের বিপাকে পাকিস্তানের সরকার।
ওই কনফারেন্সে কমান্ডার কাশ্মীরি বলেন, ‘সম্প্রতি ইসলামাবাদে তার সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকরা। তাকে ২২ জন জয়েশ জঙ্গির একটি তালিকাও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এরা সকলে রাওয়ালকোটের বিক্ষোভে অংশ নিয়েছিল।’ পরের দিকে তার সংযোজন, ওই ২২ সদস্য জঙ্গি সংগঠনের নয়। রাওয়ালকোটের বিক্ষোভের সঙ্গে জয়েশের অপারেশনের কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের ভিতরে স্থানীয় প্রতিবাদ-আন্দোলনে জঙ্গিদের ভূমিকা নেই। মূলত জম্মু-কাশ্মীর দিয়ে অবৈধভাবে ঢুকে ভারতে হামলা চালানোর জন্যই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানী ইসলামাবাদে দাঁড়িয়ে খোদ জয়েশ কমান্ডারের এমন মন্তব্যে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।



