ঢাকা: অশান্তির মধ্যে বাংলাদেশ ছেড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির কারবারিদের অনুমান ছিল, মুজিব-কন্যার দেশত্যাগে আওয়ামি লিগের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাবে। কিন্তু, দু’বছরের মধ্যেই সম্পূর্ণ বদলে গিয়েছে পরিস্থিতি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছেন হাসিনা। তার আগে থেকেই অবশ্য উত্তাল তাঁর জন্মভিটে গোপালগঞ্জ। গোটা জেলা কার্যত দখল করে নিয়েছে আওয়ামি লিগের কর্মী, সমর্থক, নেতারা। দেশের অন্যান্য প্রান্তেও হাসিনার সমর্থনে রাস্তায় নামছেন শয়ে শয়ে মানুষ। তাতে ঘুম ছুটেছে বাংলাদেশের শাসকদল বিএনপির। স্বস্তিতে নেই বিরোধী জামাত-এ-ইসলামি ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। আওয়ামি লিগের উত্থান ঠেকাতে এবার পালটা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনিক মহলেও তৎপরতা তুঙ্গে। সীমান্তবর্তী এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সাতটি জেলায় মোতায়েন করা হয়েছে ১২০ প্ল্যাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুধু হাসিনার জন্মভিটে গোপালগঞ্জেই পাঠানো হয়েছে ৫৬টি ইউনিটকে। গাজিপুরে ১৯, নারায়ণগঞ্জে ৭, ময়মনসিংয়ের ভালুকাতে ২, চট্টাগ্রামে ৮ ও কক্সবাজারে বাহিনীর সাতটি টিম পাঠিয়েছে প্রশাসন। এছাড়া, ঢাকার সাভার ও অসুলিয়াতে ১৭ প্ল্যাটুন মোতায়েন রয়েছে। আরও চারটি ইউনিটকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে।
বর্তমানে হাসিনার ফেরার খবরে চাঙা আওয়ামি লিগকে ঠেকাতে পালটা একঝাঁক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমান শাসক ও বিরোধী দলগুলি। নভেম্বর থেকে ছোটোখাটো মিটিং-মিছিল শুরু করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর ঢাকার সুরাবর্দি উদ্যানে তারা জনসভার ডাক দিয়েছে। সেখান থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষ্যেও হবে আলাদা কর্মসূচি। হাসিনা-ইস্যুতে বিরোধীদেরও পাশে পেতে চাইছেন তারেক। গত ২৩ নভেম্বর এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে কথাও বলেছেন। জামাতের পাশাপাশি ১১ দলের জোটের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪টি জেলা ও ১৩টি মেট্রোপলিটন এলাকায় মিটিং, মিছিলের ডাক দিয়েছে এনসিপি। ইতিমধ্যেই চট্টগ্রাম, ঢাকা, গাজিপুরের মতো গুরুত্বপূর্ণ শহরে পথে নেমেছেন দলের নেতা-কর্মীরা। পাশাপাশি, জামাতও ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ফাইল চিত্র



