শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২, আগামী কয়েক দিন সতর্কবার্তা
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৯:১২
Prefer us on Google

টোকিও, ৮ নভেম্বর: সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মধ্যাঞ্চলে বিস্তীর্ণ এলাকা। এই কম্পনের জেরে একাধিক দোকানের কাচের জানালা ভেঙে যায়। আতঙ্কে বহু মানুষ বাড়িঘর ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। 

Advertisement

জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। মূল ভূমিকম্পের পর একাধিক মৃদু কম্পনও অনুভূত হয়েছে। জানা গিয়েছে, আইচি প্রিফেকচারের বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও হামামাতসু, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফু প্রদেশে কম্পনের প্রভাব পড়েছে। ইয়ামানাশিতেই অবস্থিত জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি। এই ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। সংস্থার আধিকারিক ভূমিধস, পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টির কারণে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করেছেন। তবে এখনও পর্যন্ত নানকাই ট্রাফ অঞ্চলের টেকটোনিক প্লেটে কোনো অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়েনি বলে জানান তিনি। উল্লেখ্য, এই অঞ্চলে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে শিনকানসেন বুলেট ট্রেনের গতিও কমানো হয়েছে।