ক্ষমতা হারানোর আশঙ্কা নেতানিয়াহুর! ইজরায়েলের সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটের
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৮:৫৭
Prefer us on Google

জেরুজালেম, ৮ নভেম্বর: ইজরায়েলের রাজনীতিতে বড়োসড়ো পালাবদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার পথে ধাক্কা। দেশের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেলেন প্রাক্তন সেনাপ্রধান তথা ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। আজ রবিবার ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের আহ্বান জানান।

Advertisement

সাম্প্রতিক নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে সংসদের ৬৭ জন সদস্য আইজেনকোটের পক্ষে সুপারিশ করেছেন। অপরদিকে, নেতানিয়াহুর সমর্থনে ছিলেন ৪৬ জন সাংসদ। সাতজন কোনো পক্ষকেই সমর্থন জানাননি। আগামী ২৮ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠন করতে হবে আইজেনকোটকে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় দিতে পারেন প্রেসিডেন্ট। নির্বাচনে আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি আসন পেয়েছে। তাঁর নেতৃত্বাধীন পরিবর্তনপন্থী জোটের আসন সংখ্যা ৪৮। পাশাপাশি আরব নেতৃত্বাধীন দুই রাজনৈতিক গোষ্ঠীর সমর্থনও পেয়েছেন তিনি। তবে সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থন কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
অপরদিকে, নেতানিয়াহু এখনও হার মানতে নারাজ। তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে সওয়াল করেছেন। তবে আইজেনকোট স্পষ্ট জানান, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে দায়িত্ব অন্য কোনো নেতার হাতে যেতে পারে। একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে ২০২৭ সালের শুরুতে ফের নির্বাচনের সম্ভাবনাও রয়েছে। ফলে নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্য এবার বড়ো চ্যালেঞ্জের মুখে।