সংবাদদাতা, সিউড়ি: মুর্শিদাবাদের ঘটনার জেরে বীরভূমের সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বা উত্তেজনামূলক পোস্ট করা থেকে বিরত থাকার আর্জি জানাচ্ছে বীরভূম জেলা পুলিস। শুধু তাই নয়, উত্তেজনামূলক পোস্ট ঘিরে কোনও গণ্ডগোল বাধলে পোস্ট করা ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিস। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল পাস করার পর জেলায় জেলায় প্রতিবাদ শুরু হয়েছে। সেই সঙ্গে রাজ্য জুড়ে ২৬ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি ছাঁটাইয়ের ঘটনাতেও প্রতিবাদ শুরু হয়েছে সাধারণ মানুষের। আর এই দুই জ্বলন্ত ইস্যু নিয়ে রাজনৈতিক তরজার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ অনেকেই ওয়াকফ বিলের বিরুদ্ধে বা সমর্থনে নানান ধরনের মন্তব্য করে পোস্ট করছেন। পুলিসের দাবি, সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে রাজনৈতিক মদত পুষ্ট কিছু লোক উত্তেজনা মূলক পোস্ট ছড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে ধর্মের নামে কটূক্তি, বিভাজন, বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে দিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। সেই কারণেই বীরভূম জেলা পুলিসের তরফে সোশ্যাল মিডিয়াগুলিতে বিশেষ ভাবে নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।



