Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

সরকারি স্বাস্থ্য প্রকল্পে কর্মচারীদের কারচুপি রুখতে কড়া রাজ্যের

রাজ্য সরকারের কর্মী ও অফিসার এবং পেনশনভোগীদের স্বাস্থ্য প্রকল্পে (ডব্লুবিএইচএস) অনিয়ম করা হলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

সরকারি স্বাস্থ্য প্রকল্পে কর্মচারীদের কারচুপি রুখতে কড়া রাজ্যের
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কর্মী ও অফিসার এবং পেনশনভোগীদের স্বাস্থ্য প্রকল্পে (ডব্লুবিএইচএস) অনিয়ম করা হলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই সুবিধা বাতিল করার পাশাপাশি ওই টাকা ফেরতও নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সার্ভিস রুল এবং অন্যান্য আইন অনুযায়ী। রাজ্য অর্থদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে এই ব্যাপারে সতর্ক করেছে। এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য মিথ্যা তথ্য প্রদান, তথ্য বিকৃতি কিংবা ইচ্ছাকৃতভাবে গোপন করাকে ‘প্রতারণামূলক’ কাজ ধরে নিয়েই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এই প্রকল্প মারফত এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কিছু নথিভুক্ত বেসরকারি হাসপাতালে সপরিবারে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। ‘ক্যাশলেস’ সুবিধা মেলে ২ লক্ষ টাকা পর্যন্ত। তার বেশি খরচের ক্ষেত্রে বিল পেশের ভিত্তিতে বাকি টাকা দাবি করা যায়। এতদিন মোট ১৮ ধরনের চিকিৎসায় এই সুযোগ মিলত। আরও ছয় ধরনের চিকিৎসাকে আউটডোরের আওতায় আনা হয়েছে।
অর্থদপ্তরের মেডিকেল সেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনিয়ম নজরে আসামাত্রই পরিষেবা সাসপেন্ড করা হবে। বিস্তারিত তদন্ত শেষে করা হবে চূড়ান্ত পদক্ষেপ। কর্মরতদের ক্ষেত্রে সার্ভিস রুল ও অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মীদের অনেকের বক্তব্য, চিকিৎসা খরচের বিল চিকিৎসা প্রতিষ্ঠানগুলি দেয়। তাদের অনিয়মের দায় কর্মীদের উপর বর্তাবে কেন? যদিও কিছু চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে ‘সমঝোতা’ করে বর্ধিত বিল পেশ করার প্রসঙ্গও মনে করিয়ে দিয়েছেন কর্মীদেরই একাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ