সর্দিগর্মি ঘরে ঘরে, সুস্থ থাকবেন কী করে?
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরামর্শে ক্যালকাটা হার্ট ক্লিনিকের মেডিসিন বিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান 
ডাঃ শুভঙ্কর চট্টোপাধ্যায়।

Advertisement

দিনে গরম, রাতে হিমেল আভাস। আবহাওয়ার এই দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অনেকেই নাক-গলা সংক্রান্ত সমস্যায় ভুগছেন। ঘরে ঘরে হাঁচি, নাক দিয়ে জল পড়া, গলাব্যথা, কাশি, মাথাব্যথা, জ্বর। প্রচলিত ভাষায় এই ধরনের অসুস্থতাকেই ‘সর্দি-গর্মি’ বলে।
যাঁদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রার আকস্মিক পরিবর্তন নাকের ভিতরের সংবেদনশীল আবরণে প্রদাহ বা অস্বস্তি তৈরি করতে পারে। এর ফলে হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা অনবরত জল পড়ার সমস্যা দেখা দেয়। পাশাপাশি ঋতু পরিবর্তনের সঙ্গে বাতাসে ধুলোকণা, পরাগরেণু ও ছত্রাকের উপস্থিতির তারতম্যও অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে।
আবার এই সময় ভাইরাসের বাড়বাড়ন্তও দেখা যায়। সাধারণ সর্দি ভাইরাসের সংক্রমণের কারণেও হতে পারে। এক্ষেত্রে রোগীর সর্দির সঙ্গে জ্বর, গলাব্যথা, গা-ব্যথা ও দুর্বলতার উপসর্গও থাকতে পারে।
অসুখ প্রতিরোধের উপায়
আবহাওয়ার পরিবর্তনের সময় সুস্থ থাকতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। 
• বাইরে থেকে ঘরে ফিরে ঘামে ভেজা পোশাক বদলে ফেলুন। 
• গরম থেকে সরাসরি এসিতে ঢুকবেন না। বরং ঘরের তাপমাত্রায় খানিক জিরিয়ে তারপর এসি চালান। তাপমাত্রা রাখুন ২৪-২৬ ডিগ্রির মধ্যে। • ধুলো, ধোঁয়া ও দূষণ এড়ান। অ্যালার্জির রোগীরা মাস্ক পরুন। 
• পর্যাপ্ত ঘুমোন, জল পান করুন এবং বিশ্রাম নিন। • মাস্ক পরুন ও হাঁচি-কাশির মাধ্যমে অন্যদের মধ্যে ড্রপলেট ছড়ানো রোধ করা যায়। 
• জ্বর বেশি হলে, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
বয়স্কদের যত্ন: উপরের সবক’টি নিয়ম মানার পাশাপাশি বয়স ৬০-এর উপর হলে ও নানা কো মর্বিডিটি থাকলে এই ফ্লুয়ের জন্য ভ্যাকসিন নিয়ে রাখুন।
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়