পরামর্শে ফর্টিস হাসপাতালের পালমোনোলজিস্ট ডাঃ সুস্মিতা রায়চৌধুরী
নিউমোনিয়া কেন হয়?
নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ। এই রোগে ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাইতে প্রদাহ হয়। সেখানে তরল, প্রদাহজনিত কোষ বা পুঁজ জমে বলে শরীর ঠিকমতো অক্সিজেন নিতে পারে না। রোগ গুরুতর হলে রক্তে অক্সিজেন কমে যেতে পারে। সংক্রমণ রক্তে ছড়িয়ে সেপসিসও হতে পারে। প্রধান কারণ ভাইরাস ও ব্যাকটেরিয়া, বিশেষত নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। দায়ী হতে পারে যক্ষ্মার জীবাণুও। এ ছাড়া দূষিত বাতাস, রাসায়নিক, শ্বাসনালি দিয়ে খাবার বা অন্য কিছু ফুসফুসে ঢুকে পড়া এবং বুকে রেডিয়েশন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও প্রদাহ হয়।
উপসর্গ: পরিচিত লক্ষণ হল জ্বর, কাশি, কফ ও শ্বাসকষ্ট। শ্বাস নেওয়ার বা কাশির সময় বুকে ব্যথা হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে। বয়স্কদের কখনও শুধু দুর্বলতা, খাদ্যগ্রহণে অনীহা বা হঠাৎ বিভ্রান্তির মত উপসর্গ দেখা দেয়। ভাইরাল নিউমোনিয়ায় সাধারণত শুকনো কাশি আর গায়ে ব্যথা থাকে। তবে অসুখ ব্যাকটেরিয়াজনিত হলে থাকে ঘন কফ ওঠার সমস্যা ও কাঁপুনি, কফের সঙ্গে রক্তও আসতে পারে। তবে শুধু উপসর্গ দেখে রোগ নিশ্চিত করা যায় না। চিকিৎসক আগে রোগের ইতিহাস জানেন, তারপর বুক পরীক্ষা করে রক্তে অক্সিজেনের মাত্রা মাপেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা চেস্ট এক্স-রে। জটিল ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান লাগতে পারে। সঙ্গে রক্ত ও কফ পরীক্ষা করা হয়, ভাইরাস সন্দেহ হলে থ্রোট সোয়াব বা পিসিআর পরীক্ষাও।
চিকিৎসা ও প্রতিরোধ
ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ভাইরাল হলে প্রয়োজনমতো অ্যান্টিভাইরাল দেওয়া হয়। ডায়াবেটিস, হৃদ্রোগ, কিডনি বা ফুসফুসের দীর্ঘস্থায়ী অসুখ থাকলে ঝুঁকি বেশি। অক্সিজেন কমে গেলে বা শ্বাসকষ্ট তীব্র হলে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দিতে হতে পারে, প্রয়োজনে বাইপ্যাপও। রোগ প্রতিরোধে বয়স ৫০ পেরোলে জীবনে একবার নিউমোকক্কাল ভ্যাকসিন নিন। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ইনফ্লুয়েঞ্জার টিকাও নিন, কারণ এই ভাইরাস প্রতি বছর রূপ বদলায়।
শ্বাসকষ্টে সতর্কতা: শ্বাসকষ্টকে অবহেলা করবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
লিখেছেন সুপ্রিয় নায়েক



