অঙ্গদানে উপকৃত ৬, বঙ্গের যুবকের হার্ট ও লিভার পাচ্ছেন চেন্নাই ও লুধিয়ানার রোগী
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গদানে নতুন জীবন পাচ্ছে একাধিক মানুষ। বাংলার তরুণের অঙ্গদানে নবজীবন পাচ্ছে ভিন রাজ্যের দুই বাসিন্দা। একজনের বাড়ি তামিলনাড়ুর চেন্নাইয়ে। অন্যজনের পঞ্জাবের লুধিয়ানায়। প্রথমজন পাচ্ছেন দাতার হার্ট। দ্বিতীয়জন লিভার। আশিসকুমার মিশ্র নামে মাত্র ২৮ বছরের এক যুবকের পরিবার সম্প্রতি তাঁর ব্রেন ডেথের পর অঙ্গদান করাতে সম্মত হয়। ই এম বাইপাস লাগোয়া প্রাইভেট হাসপাতালে ভরতি ছিলেন পার্কস্ট্রিটের ওই যুবক। তাঁর অঙ্গদানে উপকৃত হচ্ছেন সবসুদ্ধ ৬ জন। যে হাসপাতালে যুবকের চিকিৎসা চলছিল, তাদের এক ৬২ বছরের রোগী পাচ্ছেন যুবকের একটি কিডনি। দ্বিতীয় কিডনিটি পাচ্ছেন আলিপুরের কমান্ড হাসপাতালে ভরতি এক যুবক। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে ভরতি বৃদ্ধ পাচ্ছেন হার্ট। লুধিয়ানার দয়ানন্দ মেডিকেল কলেজের মহিলা পাচ্ছেন তাঁর লিভার। দাতার দুটি কর্নিয়া পাচ্ছেন চোখের চিকিৎসার প্রাইভেট হাসপাতালের দুই রোগী।

Advertisement