লখনউ, ১৪মে: বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ। মৃত্যু হল ১০০ জনের। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে ব্যাপক ঝড় হয় উত্তরপ্রদেশের একাধিক জেলায়। বিকেল ৫টার পর থেকে আবহাওয়ার আচমকাই পরিবর্তন ঘটে। আকাশ কালো মেঘে ঢেকে যায়। শিলাবৃষ্টি, ধুলো ঝড় এবং বজ্রপাত শুরু হয়। ৬০-৭০ কিমি বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। তাতে ভেঙে পড়ে বহু গাছ। উপড়ে যায় একাধিক বৈদ্যুতিক খুঁটি। বেশ কিছু জায়গায় মোবাইল টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক জায়গাতেই বর্তমানে নেটওয়ার্ক নেই। গাছ পড়ায় অবরুদ্ধ বহু সড়ক। জানা যাচ্ছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০টির বেশি বাড়ি। দেওয়াল ধসে পড়ায় মৃত্যু হয়েছে ১০০ জনের। আহত হয়েছেন ৫৩ জন। বর্তমানে তাঁরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়া ঝড়ে প্রচুর গবাদি পশুও জখম হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও।



