Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়ের তাণ্ডব, ভাঙল বহু গাছ, পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন

ঝড়ে বিধ্বস্ত শিলিগুড়ি ও আলিপুরদুয়ার। রবিবার রাতে দফায় দফায় ঝড়ের তাণ্ডব চলায় দুই এলাকায় অসংখ্য গাছ পড়ে বিপর্যস্ত হয় বিদ্যুৎ পরিষেবা।

শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়ের তাণ্ডব, ভাঙল বহু গাছ, পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার, নকশালবাড়ি: ঝড়ে বিধ্বস্ত শিলিগুড়ি ও আলিপুরদুয়ার। রবিবার রাতে দফায় দফায় ঝড়ের তাণ্ডব চলায় দুই এলাকায় অসংখ্য গাছ পড়ে বিপর্যস্ত হয় বিদ্যুৎ পরিষেবা। সোমবার বিকেল পর্যন্ত আলিপুরদুয়ারের বেশকিছু এলাকা ছিল বিদ্যুৎহীন। ফলে গরমে নাকাল হন বাসিন্দারা। যদিও এর মোকাবিলায় ময়দানে নামে বিদ্যুৎ বণ্টন কোম্পানির ৫০টি টিম। শুধু তাই নয়, ঝড়ের দাপটে গাছ পড়ে জখম হন এক মহিলা। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০টি বাড়ি। প্রতিটি জেলা প্রশাসন ক্যুইক রেসপন্স টিমকে (কিউআরটি) সতর্ক করেছে। সোমবার রাতেও শিলিগুড়িতে বৃষ্টিপাত হয়।

Advertisement

বিদ্যুৎ বণ্টন কোম্পানির আলিপুরদুয়ারের আঞ্চলিক ম্যানেজার পার্থপ্রতিম মণ্ডল অবশ্য বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে।
টানা কিছুদিন তীব্র দাবদাহ চলার পর রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়িতে ঝাড়ের তাণ্ডব শুরু হয়। পাঁচ মিনিটের ঝড়ে বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারে পড়ে। এরপর রাত দেড়টা, ২টো ও ৩টে নাগাদ ঝড় হয়। শালবাড়ি, সুকনা, নিউচামটা, খড়িয়াবস্তি প্রভৃতি এলাকায় এর তীব্রতা ছিল বেশি। গ্রামগুলিতে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে ১৫-১৬টি গাছ। গ্রামগুলি রাতভর বিদ্যুৎহীন ছিল। শিলিগুড়ি শহরের কলেজপাড়া, ডাবগ্রাম, শান্তি মোড়ে গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়।  
নকশালবাড়িতে ও পাথরঘাটায় ক্ষতিগ্রস্ত হয় ১০টি বাড়ি। নকশালবাড়ির শান্তিনগরে গাছ পড়ে জখম হন অর্চনা বর্মন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় নামে পুরসভা, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও বিদ্যুৎ বণ্টন কোম্পানি। দুপুরে কলেজপাড়ায় ক্রেন ও আর্থমুভার নামিয়ে ঝড়ে বিপজ্জনকভাবে হেলে পড়া গাছ তুলে অন্যত্র প্রতিস্থাপন করা হয়। মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ির ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। তিনি বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সবরকমক সহযোগিতা করা হবে।       
এদিকে, ঝড় ও বৃষ্টির তাণ্ডবে আলিপুরদুয়ারের অবস্থাও একই। কালচিনির রাজাভাতখাওয়া চেকপোস্ট, দমনপুর, জয়ন্তী, পানিঝোরায় ঝড়বৃষ্টির দাপটে কয়েকটি গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বিকল হয় কয়েকটি ট্রান্সফরমার। যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলির বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। আলিপুরদুয়ার-১ ব্লকের পলাশবাড়ি, সোনাপুর ও ফালাকাটা ব্লকের অবস্থা একই। এদিন বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় গরমে কাহিল হন বাসিন্দারা। ফালাকাটায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুঞ্জনগরের কলোনিতে গাছ পড়ে অসুস্থ হন মালতি দাস নামে এক মহিলা। তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ের দাপটে আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে ভেঙে পড়ে আলিপুরদুয়ার পুরসভার বৈদ্যুতিক চুল্লির চিমনি। গাছের ডাল পড়েও ক্ষতি হয়েছে চুল্লিটির।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ