Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিকেল হলেই পরপর ঢিল পড়ছে আদর্শপাড়ায়, আতঙ্কে বাসিন্দারা

বিকেল হলেই ক’দিন ধরে বাড়ির টিনের চালে ঢিল পড়ছে। গভীর রাত পর্যন্ত কিছুক্ষণ পরপর সেই ঢিল উড়ে আসছে চালে।

বিকেল হলেই পরপর ঢিল পড়ছে আদর্শপাড়ায়, আতঙ্কে বাসিন্দারা
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,নাগরাকাটা: বিকেল হলেই ক’দিন ধরে বাড়ির টিনের চালে ঢিল পড়ছে। গভীর রাত পর্যন্ত কিছুক্ষণ পরপর সেই ঢিল উড়ে আসছে চালে। আর এই ঘটনায় আতঙ্কে সিঁটিয়ে আছেন মাল ব্লকের তেশিমিলা গ্রামপঞ্চায়েতের আদর্শপাড়ার বাসিন্দারা। সামনেই মাধ্যমিক পরীক্ষা। এমন অবস্থায় পড়াশোনাও কার্যত লাটে উঠেছে পরীক্ষার্থীদের।

Advertisement

এই রহস্যময় ঢিল কোথা থেকে আসছে? কে ফেলছে? কেনই বা ফেলছে। সবই অজানা সকলের। ঢিল পড়ছে টিনের চালে। কখনও কখনও সেই ঢিল পড়ছে বাড়ির টিনের বেড়াতেও। যদিও এলাকাবাসীর দাবি,সেই ঢিল এদিন পর্যন্ত  কারও গায়ে পড়েনি। পুলিশ এসে পাহারা দিলেও তাঁদের সামনেও পড়ছে ঢিল। কোথা থেকে ঢিল আসছে কেউই বুঝতে পারছেন না। গ্রামবাসীরা মনে করছেন, এটা কোনও অদৃশ্য শক্তি হতে পারে। কারণ তাঁরা ঢিলের উৎস খুঁজে পাচ্ছেন না। যদিও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

শুক্রবার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গির হুসেন বলেন,চোখের সামনে দেখেছি ঢিল পড়তে। বৃহস্পতিবার একটি বিয়ের বরযাত্রীর গাড়িতেও ঢিল পড়ে কাচ ভেঙে যায়।এনিয়ে বরযাত্রীর সঙ্গে কনের বাড়ির লোকজনের প্রথমে ভুল বোঝাবুঝি হয়। পরে অবশ্য তাঁরাও দেখেছেন ঢিল পড়ছে।

স্থানীয় বাসিন্দা খালেদা বেগম,মান্নান হক,শেফালি বেগম,আব্দুল রহিম, মমতাজ আলি প্রমুখ বলেন, প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি যাতে এই ঢিল পড়ার উৎস তারা খুঁজে বের করে।নাহলে বিকেলের পর বাড়ির বাইরে বের হওয়া যাচ্ছে না। খলিলুর রহমান,আজিজার হক, জিয়ানুর রহমান বলন, আগামী মাসে মাধ্যমিক পরীক্ষা। এমন অবস্থায় পরীক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, আমাদের কাছে গ্রামবাসীরা ঢিল পড়ার কথা জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ