ভক্তির কাছে হার মেনেছে দেশভাগ, কাঁটাতার পেরিয়ে এসে আজও অটুট ঐতিহ্য
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৬:৩৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি, কাঁটাতারের বেড়া দুই দেশকে ভাগ করেছে ঠিকই। কিন্তু ভাগ করতে পারেনি ভক্তি ও বংশপরম্পরার এক অটুট ঐতিহ্যকে। ওপার বাংলায় সন্তানলাভের মানত পূরণ হওয়ার পর থেকে কার্তিক পুজো শুরু হয়েছিল। দেশভাগের পর সেই পুজোই বংশপরম্পরায় হয়ে আসছে ময়নাগুড়িতে। শুধু পুজোই নয়, বাংলাদেশে যে পুরোহিত পুজো করতেন তাঁর উত্তরসূরির হাতেই এখন সেই পুজো হয় ময়নাগুড়ির দেবীনগর এলাকার সাহা বাড়িতে। সামনেই কার্তিক পুজো। আর তারই শেষমুহুর্তের তোড়জোড় চলছে সাহা বাড়িতে।

Advertisement

জানা গিয়েছে, এই কার্তিক পুজোর অনেক পুরনো ইতিহাস আছে। অবিভক্ত বাংলায় বর্তমানে বাংলাদেশের সাহা বাড়িতে সন্তানলাভের আশায় কার্তিক ঠাকুরের কাছে মানত করেন পূর্বপুরুষেরা। সেই মানত পূরণ হতেই সাহা বাড়িতে শুরু হয় কার্তিক পুজো। ১৯৪৭ সালে দেশভাগের পর ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় চলে আসে সাহা পরিবার। তখন তাঁদের ঠিকানা হয় ময়নগুড়ির দেবীনগর এলাকায়। ভিটেমাটি ছাড়লেও সঙ্গে করে নিয়ে আসেন কার্তিক পুজোর রীতি। তারপর থেকে এখানেই সমারোহ করে শুরু হয় কার্তিক পুজো। এই পুজোর বিশেষত্ব হল, যে পুরোহিত বাংলাদেশে থাকাকালীন এই পুজো শুরু করেছিলেন। তাঁর বংশধরেরাই এখন সাহা বাড়ির কার্তিক পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। প্রজন্ম বদলালেও বদলায়নি ভক্তি আর বিশ্বাসের সুর। পারিবারিক গণ্ডি ছাড়িয়ে বংশপরম্পরার এই সাবেকি কার্তিক পুজো আজ গোটা ময়নাগুড়িবাসীর কাছেই এক ঐতিহ্যে পরিণত হয়েছে।